অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিল কোচ কার্লেস আনসেলোত্তি সাফ জানিয়েছেন, নেইমারের জন্য বিশ্বকাপের দলে ঢোকা তিনি এখনও বন্ধ করেননি। খোলাই আছে। তবে চুড়ান্ত দল বাছাইয়ের আগে নেইমারকে প্রমাণ দিতে হবে, তিনি শরীর ও মনে পুরো ফিট।
শেষপর্যন্ত কী হবে, নেইমার ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে খেলবেন কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। সেটা নির্ভর করছে কোচ আনসেলোত্তির ওপর। কিন্তু ফুটবলের রাজপুত্র বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ‘লো দেল পোলো’ শোতে আলভারেজকে কোনওরকম রাখঢাক না করে বলেছেন, ‘ আমরা চাই বিশ্বকাপে সেরা ফুটবলাররা খেলুক। সেই সেরাদের অন্যতম হল নেইমার। ওর ফর্ম যেমনই হোক, বিশ্বকাপে ওকে খেলতে দেখতে চাই।’
জিগ্লোবোতে ডেনিলসনকে দেওয়া সাক্ষাতকারে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা তারকা ফরোয়ার্ড রোনাল্ডিনহো বলেছেন, ‘ নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ দল ভাবাই যায় না। একটা অবাস্তব ব্যাপার বললেও ভুল হবে না। যদি চোটের জন্য নেইমার খেলতে না পারে, সেটা অন্য কথা। কিন্তু নেইমার যদি চোটমুক্ত থাকে, কোনও কারণই যথেষ্ট নয়, ওকে বিশ্বকাপের দলের বাইরে রাখার পক্ষে। সকলের কথা মাথায় রেখে, কাউকে খাটো না করে বলতে চাই , ব্রাজিল দলে নেইমার এখনও সেরা অন্যদের সঙ্গে তুলনায়।’
মেসির বক্তব্য, ‘ নেইমারকে বিশ্বকাপে দেখতে পেলে ভাল লাগবে খুব। আমি জানি ব্রাজিল দলের ওর কার্যকরিতা কতটা। একইসঙ্গে ফুটবলের সৌন্দর্যের জন্যও ওকে বিশ্বকাপে দরকার। আশা করি আমার সেই ইচ্ছেটা পূরণ হবে। নেইমার আমার বন্ধু। তাই আরও বেশি করে বিশ্বকাপে ওর উপস্থিতি মনে প্রাণে চাইছি। ওর ব্রাজিল দলে থাকা উচিত। আশা করি সেই ভাল ব্যাপারটা ঘটবে।’
মেসির বয়স ৩৮, নেইমারের ৩৪। ওই দুই তারকা ফুটবলারের মধ্যে বন্ধুত্ব একসঙ্গে চার বছর বার্সিলোনায় খেলার সময় থেকে। পরে দু’বছর একসঙ্গে খেলেছিলেন পিএসজিতেও। দু’জনেই ২০২৩য়ে পিএসজি ছাড়েন। মেসি যোগ দেন এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতে। নেইমার চলে যান সৌদি প্রোলিগের ক্লাব আল হিলালে। বর্তমানে তিনি খেলছেন তাঁর ছেলেবেলার ক্লাব স্যান্টোসে। একবছরের সামান্য আগে নেইমার নিজের পেশাদার জীবনের প্রথম ক্লাবে ফেরেন ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে। কিন্তু ২০২৩ অক্টোবর ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর থেকে দেশের হয়ে দূরে থাক, তিনি ব্রাজিলের ক্লাব স্যান্টোসের হয়ে মাঠেই নামতে পারেননি চোটের কারণে। পরে কিছুটা ফিট হলেও নিজের চেনা ছন্দে ফিরতে না পারায় ক্লাব দলেও নিয়মিত জায়গা হয়নি। শেষপর্যন্ত লিগের অন্তিম লগ্নে ভাল খেলে স্যান্টোসের অবনমন বাঁচানোয় নেইমারের বিশ্বকাপের দলে ফেরার জল্পনা বাড়ে।
নেইমারের বিশ্বকাপে ব্রাজিলের দলে খেলার আগ্রহ ও মরিয়া চেষ্টা দেখে কোচ আনসেলোত্তি বলেছেন,‘ নেইমারের মধ্যে নিজেকে একশভাগ ফিট করে তোলার একটা চেষ্টা ও জোস লক্ষ্য করছি। দেখা যাক ও কতটা নিজেকে বিশ্বকাপে খেলার মতো তৈরি করতে পারে।’
আনসেলোত্তির সঙ্গে সুর মিলিয়ে মেসির প্রতিক্রিয়া,‘ নেইমারের একটা আলাদা ধরনের জনপ্রিয়তা আছে। ও কিছু লুকোতে জানে না। আর জীবনটা খুব খোলামেলা। উপভোগ করে। ও যেমন, সেইভাবে, কারও তোয়াক্কা না করে। ওর সবটাই স্বাভাবিক, কৃত্রিম নয়। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে নেইমার। আর তার জন্য একটা সুযোগের জন্য বারবার অনুরোধ করছে। দেশের জার্সিটা ওর কাছে কতটা প্রিয়, কতটা সম্মানের, সেটা ওর এই আচরণই প্রমাণ করছে।’
ব্রাজিলের জনপ্রিয় প্রচারমাধ্যম ও গ্লোবোর মতে, কোচ আনসেলোত্তি ব্রাজিলের বিশ্বকাপের ৫০ জনের সম্ভাব্য তালিকায় নেইমারের নাম রেখেছেন। আর সেই তালিকা ব্রাজিল ফুটবল কনফেডারেশন সোমবার ফিফায় জমা করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
