অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র ফুটবল দল তাজিকিস্তানের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। ৫ জুন তুরসুনজোদা ও ৯ জুন হিসোরের মাঠে। তবে এই দুই ম্যাচে ভারতীয় ফুটবল দলে নেই রায়ান উইনিয়ামস। চোটের কারণে। আর ২২ জনের ভারতীয় দলে মোহনবাগান সুপার জায়ান্টের কোনও ফুটবলারকে রাখেননি জাতীয় দলের চিফ কোচ খালিদ জামিল।
এর আগে ইউনিটি কাপে জামাইকা ও জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। এই দুই ম্যাচ হারায় ফিফা ক্রমতালিকায় ভারত নেমেছে নীচের দিকে। তাদের র্যাঙ্কিং এখন ১৩৭। খালিদ জামিলের দলের এখন লক্ষ্য থাকবে তাজিকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং ভাল করা। গতবছর কাফা নেশনস কাপে তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল ভারত।
ইউনিটি কাপে চোট পাওয়ার কারণে রায়ান উইলিয়ামসের না থাকাটা ভারতীয় দলের পক্ষে একটা বড় ধাক্কা। রায়ান যোগ দেওয়ার পর ভারতীয় আক্রমণভাগে যে ঝাঁজ বেড়েছিল, এমনকি গোলের সম্ভাবনা , তার অভাব অনুভূত হবেই। জাতীয় দলের কোচ খালিদ অবশ্য রায়ানের পরিবর্ত হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেডের পার্থিব গোগোইকে দলে নিয়েছেন। ইউনিটি কাপ খেলার সময় মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ফুটবলারদের ভারতের হয়ে খেলার জন্য ছাড়েনি, ওই প্রতিযোগিতা ফিফা উইন্ডোজের অন্তর্ভুক্ত নয়, এই যুক্তিতে। তাই এবার যত সমস্যাই হোক, আর তাজিকিস্তানের ম্যাচ ফিফা তারিখের মাঝে হলেও খালিদ আর মোহনবাগান ফুটবলারদের দলে নেওয়ার প্রয়োজন মনে করেননি। যাঁরা ইউনিটি কাপে খেলেছিলেন, তাঁদের ওপরই ভরসা রেখেছেন খালিদ।
ভারতীয় দল: গুরপ্রীত সিং, ঋত্বিক তিওয়ারি, আলবিনো গোমস( গোলকিপার), রাহুল বেকে, নিখিল বারলা, নিখিল পূজারি, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, পরমবীর( ডিফেন্ডার), জিকসন সিং, ম্যাকারটন নিকসন, নৌফাল পিএন, রিকি শ্যাবং(মিডফিল্ডার), পার্থিব গোগোই, এডমুন্ড লালরিনডিকা, ছাংতে, মহম্মদ শানান, রহিম আলি, ফারুক চৌধুরি, বিক্রম প্রতাপ সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
