Cart Total Items (0)

Cart

All Sports India
লিওনেল মেসি

‌অলস্পোর্ট ডেস্ক:‌ কানসাস সিটিতে পৌঁছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি শুরু করেছে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বুধবার আমেরিকায় প্রথমবার দলের বাকি ফুটবলাররা একসঙ্গে অনুশীলনে নামলেও, তাঁদের সঙ্গে নেই অধিনায়ক লিওনেল মেসি। তিনি হ্যামস্টিংয়ের চোটের সমস্যার কারণে রিহ্যাবে রয়েছে। আর তাই অনুশীলন করছেন আলাদা ভাবে একা একা, মিসোওরিতে।

আর্জেন্টিনার ভরসা মেসির দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে মেসির হাতে কাপ ওঠার পর অনেকেই ধরে নিয়েছিলেন, জাতীয় দলের জার্সি আর গায়ে চাপাবেন না ফুটবলের রাজপুত্র। তেমন ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা দলের চিফ কোচ লিওনেল স্কালোনি চাননি মেসি জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিক। মেসি আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি পুরোদমেই জাতীয় দলের হয়ে খেলা এতদিন চালিয়ে এসেছেন। এমনকি ফিফা ২০২৬য়ের জন্য বাছাই করা আর্জেন্টিনা দলেও মেসি রয়েছেন। তবে একনাগাড়ে ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা দলের হয়ে ম্যাচ খেলার কারণে মেসির পেশি ক্লান্তির শিকার। হ্যামস্টিংয়ের টানের কারণে আপাতত দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না। তবে কোচ স্কালোনি ও সতীর্থদের বিশ্বাস, ১৬ জুন আলজিরিয়ার বিরুদ্ধে কানসাস সিটিতে অনুষ্ঠেয় আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে মেসি ফিট হয়ে যাবেন।

৩৮ বছর বয়সী মেসি কানসাস সিটিতে আর্জেন্টিনার বেস ক্যাম্পে যোগ দিলেও, মিসৌরিতে আলাদাভাবে বিশেষ ধরনের ফিটনেস ট্রেণিং করছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মেসি ছাড়াও আরও কয়েকজন ফুটবলার বিশেষ ধরনের ফিটনেস ট্রেণিং সারছেন ফিজিওথেরাপি টিমের তত্ত্বাবধানে। মেসির ফিটনেসে ইতিমধ্যেই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে ফিফা ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা ৯ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে অবার্ন আলাবামায় প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। ওই ম্যাচে মেসির খেলার কোনও সম্ভাবনা নেই। ৮বার ব্যালন ডি’‌ওর ও ইন্টার মিলানের জার্সিতে পরপর দু’‌বছর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের স্বীকৃতি পাওয়া কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মেসি জাতীয় দলের হয়ে ১৯৮ ম্যাচ খেলে ১১৬ গোল করেছেন। বিশ্বকাপে ২৬ টি ম্যাচ খেলার অনন্য নজির রয়েছে তাঁর দখলে। আর কোনও ফুটবলারের বিশ্বকাপে এতগুলো ম্যাচ খেলার রেকর্ড নেই।

উল্লেখযোগ্য বিষয় হল, ফিফা ২০২৬ বিশ্বকাপে মেসি ছাড়াও ষষ্ঠবারের জন্য বিশ্বকাপে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর আগে পাঁচটি বিশ্বকাপে দুই তারকা ফুটবলার খেললেও, তাঁরা পরস্পরের মুখোমুখি হননি কখনও। তবে এবার সেই সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজেদের গ্রুপের শীর্ষে থাকতে পারে, তাহলে তারা পরবর্তী পর্বে মুখোমুখি হবে। অর্থাৎ বিশ্বের ফুটবলপ্রেমীরা মেসি বনাম রোনাল্ডো দ্বেরথ দেখার দুর্লভ সুযোগটা পাবেন। এটাই যেহেতু দুই তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ, তাই এটাই শেষ সুযোগ দু’‌জনের মুখোমুখি হওয়ার ও শ্রেষ্ঠত্ব প্রমাণের। মেসি যেখানে আর্জেন্টিনা দলকে একবার রানার্স ও কাতার বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন, সেখানে রোনাল্ডোর পর্তুগাল দলের জার্সিতে সেরা পারফরমেন্স ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *