ছবি: এএফএসেলেসিওন
অলস্পোর্ট ডেস্ক: আর্জেন্টিনা আগেই গ্রুপ শীর্ষে ওঠাটা নিশ্চিত করে ফেলেছিল প্রথম ২ ম্যাচ জিতে। ডালাসে জর্ডনের বিরুদ্ধে তাদের গ্রুপের শেষ ম্যাচ ছিল নিতান্তই নিয়মরক্ষার। কিন্তু জেতার অভ্যাস নষ্ট করেনি লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা জর্ডনের বিরুদ্ধে ৩-১ গোলের জয় তুলে নেয় অনায়াসেই। ৩ জুলাই মিয়ামির চেনা মাঠে রাউন্ড অফ ৩২য়ের লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবেন মেসিরা। সবচেয়ে বড় কথা, প্রথম একাদশে না থাকলে, পরে মাঠে নেমে গোল করলেন মেসি, আর গড়লেন একাধিক রেকর্ড। এযেন মেসির রেকর্ড গড়ার বিশ্বকাপ চলছে।
জর্ডনের সঙ্গে ম্যাচটা নিয়মরক্ষার ছিল বলেই স্কালোনি প্রথম একাদশে ৯টি বদল করেছিলেন। মেসিকেও শুরুতে নামাননি। সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। তবে এও বলেছিলেন, পরে পরিস্থিতি বুঝে মেসিকে খেলাতে পারেন। স্বাভাবিকভাবে মেসি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, কখন মেসিকে ম্যাচে ব্যবহার করেন স্কালোনি, তা দেখার জন্য।
১৯ মিনিটে আর্জেন্টিনাকে বাঁকখাওয়ানো দর্শনীয় ফ্রিকিকে গোল করে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। ৩০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন লওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে। জর্ডন অবশ্য ২ গোল খেয়েও দমেনি। তারা লড়াই চালিয়ে যায়। ৫৫ মিনিটে মুসা তামারি গোল করে ব্যবধানও কমান। এরপরই কোচ স্কালোনি ৬০ মিনিটে লওতারোর জায়গায় মাঠে নামান মেসিকে সমর্থকদের তুমুল উল্লাসের মাঝে। ৮০ মিনিটে ফ্রিকিক থেকে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন মেসি। চলতি বিশ্বকাপে তাঁর এটি ৬ নম্বর গোল, সব বিশ্বকাপ মিলিয়ে ১৯ গোল। মেসিই একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপে পরপর ৭ ম্যাচে গোল পেলেন। জা ফঁতে ও জর্জিনহোর রেকর্ড ভেঙে দিলেন। এছাড়াও পরপর ১৭ ম্যাচ খেলার কৃতিত্বও অর্জন করেছেন জর্ডন ম্যাচ খেলার সুবাদে।
রাউন্ড অফ ৩২য়ে আর্জেন্টিনার সামনে নবাগত কেপ ভার্দে। যাদের রূপকথার দৌড় চলেছে গ্রুপ পর্বে। তবে মেসিদের সঙ্গে তারা লড়লেও, তাদের হারানো কঠিন কেপ ভার্দের পক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
