Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ গত মাসে আরও একবার ম্যাচ চলাকালীন মাঠে ক্ষনিকের জন্য জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসন। ৭ জুন ওডেনসের মাঠে ইউক্রেনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৩৪ বছর বয়সী এরিকসন বুকে হাত চেপে ধরে শুয়ে পড়েছিলেন। দু’‌দলের ফুটবলাররা চিন্তায় পড়ে গিয়েছিলেন এরিকসনের আগের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনা মনে পড়ে যাওয়ায়।

৫ বছর আগে ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় মাটিতে মুখ থুবড়ে পড়েন এরিকসন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে অনেকের আশঙ্কা ছিল তিনি বোধহয় আর বাঁচবেন না। কিন্তু মাঠে উপস্থিত চিকিৎসক ও মেডিকেল টিমের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণ ফিরে পান তিনি। সকলে সেদিন হাঁফ ছেড়ে বেঁচেছিলেন তাঁর জ্ঞান ফেরার পর। মাঠ থেকেই সরাসরি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দীর্ঘসময়ের চিকিৎসার পর তিনি বাড়ি ও মাঠে ফেরেন সুস্থ হয়ে। খেলাও শুরু করেন স্বাভাবিক ছন্দে ফিরে। আবার নতুন করে মাঠে জ্ঞান হারানোর ঘটনায় তাঁকে খেলার মাঠ থেকে দূরে সরে থাকতে হয়েছে। তবে এবার মাঠেই কিছুক্ষণের চিকিৎসার পর এরিকসন ধাতস্থ হয়ে উঠে মাঠ থেকে উঠে যান হেঁটেই।

জার্মান ক্লাব ভিএফএল উলফসবার্গ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এরিকসনের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছে। একইসঙ্গে কথা বলেছেন সেই চিকিৎসকের সঙ্গে যাঁরা এরিকসনের ট্রিটমেন্টের দায়িত্বে রয়েছেন। তাঁদের পরামর্শমতো এরিকসন মাঠে ফেরার রিহ্যাব শুরু করবেন নিজের দেশ ডেনমার্কে। যতদিন না মাঠে ফিরছেন তিনি, সবরকম সহযোগিতা তাঁরা করবেন।

ইওরো ২০২১য়ের ম্যাচে মাঠে লুটিয়ে পড়ার পর এরিসনের বুকে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলিটার(‌আইসিডি)‌ বসানো হয়, তাঁর হার্ট চালু রাখতে সাহায্য করতে। ডেনমার্কের বাড়িতে ফিরে এরিকসন জানিয়েছেন, ‘‌ আমি ভাল আছি। তবে দ্বিতীয়বার মাঠে জ্ঞান হারানো ও আইসিডির শক লাগাটা পরিবারকে নিঃসন্দেহে কিছুটা বিচলিত করেছে। অবশ্য সবাইকে একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই, ২০২১য়ে ইওরো কাপের ঘটনা আর এখনকারটা এক নয়।’‌

গত বছর সেপ্টেম্বরে ফ্রি ফুটবলার হিসেবে জার্মানির ক্লাব উলফসবার্গের সঙ্গে দু’‌বছরের জন্য চুক্তিবদ্ধ হন এরিকসন। তিনি পাদেরবর্নের বিরুদ্ধে প্লেঅফ ম্যাচে উলফসবার্গের হয়ে শেয়বার নেতৃত্ব দিয়েছেন। ম্যাচটা তাঁরা হেরে যান। বুন্দেশলিগাতে অবনমন বাঁচাতেও পারেননি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *