পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ভারতের দুই বিখ্যাত শাটলার, পিভি সিন্ধু ও লক্ষণ সেন ইউএস ওপেন ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। এদিন লোয়াতে আয়োজিত ইউএস ওপেন বিডব্লিউএফ সুপার ৩০০ টুর্নামেন্টে সিন্ধুদের জয়জয়কার হয়।
পিভি সিন্ধু মহিলা সিঙ্গলস্-এর রাউন্ড অফ ১৬-তে ২১-১৪, ২১-১২ গেমে তাইপেইয়ের সাঙ শুও ইউনকে হারিয়ে দেন। এদিকে লক্ষ্য সেন চেক প্রজাতন্ত্রের জান লাউদাকে যথাক্রমে ২১-৮, ২৩-২১ গেমে হারান। বিশ্ব র্যাঙ্কিং-এ ১২ নম্বরে থাকা সিন্ধুর এদিন ম্যাচের প্রথমে খেলায় তেমন গতি না থাকলেও, ধীরে ধীরে খেলা এগোতে থাকলে তিনি আবার ছন্দে ফিরে আসেন। ১৩-৫ গেমে লিড নেন সিন্ধু।
প্রথম গেমে সিন্ধুর কামব্যাকের পর তাইপেই শাটলার আর ঘুরে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় গেমে পিভি সিন্ধু ও সাঙ শুও ইউনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচ ক্রমশ এগোতে থাকলে ইউন সিন্ধুর গেমের সঙ্গে আর তাল মেলাতে পারেননি। সিন্ধু পরপর পাঁচ পয়েন্টে জিতে নিয়ে ৩৭ মিনিটের মধ্যে গেম শেষ করে দেন।
দু’বার অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, পরের ম্যাচ খেলবেন চিনের গাও ফাং জিয়ের বিরুদ্ধে। এই চিনা শাটলারের বিরুদ্ধে ভারতের ৩-১-এ এগিয়ে থাকার রেকর্ড রয়েছে।
এদিনের ম্যাচটি লক্ষ্য সেনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। জান লাউডাকে ১৯-১৪ গেমে হারানো খুবই কঠিন কাজ ছিল। অবশেষে ৩৯ মিনিটের এনকাউন্টারে ম্যাচটি জিতে নেন লক্ষ্য সেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
