অলস্পোর্ট ডেস্ক: ফিফা ট্রান্সফার ব্যান গত মরসুমে রীতিমতো সমস্যায় ফেলেছিল মহমেডান এসসিকে। মহম্মদ কাদিরির প্রাপ্য বেতন না মেটানোয় মহামেডানকে ফিফার ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছিল। যার ফলে গত মরসুমে প্রায় বিদেশিহীন অবস্থাতেই পুরো ইন্ডিয়ান সুপার লিগ খেলতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। যার ফল লিগ তালিকার সবার শেষে শেষ করেছিল কলকাতার তৃতীয় প্রধান। আপাতত অবনমনে রয়েছে দল। যদিও তা নিয়ে এখনও অনেক হিসেব নিকেশ রয়েছে। তার মধ্যেই অবশ্য সুখবর পাওয়া গেল, উঠে যাচ্ছে ফিফা ব্যান। এখনও ফিফা থেকে অফিশিয়াল বার্তা না এলেও ব্যান ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।
কাদিরির টাকা মিটিয়ে দেওয়ায় আপাতত স্বস্তি মহামেডানে। সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই সুখবর জানিয়ে দেন কর্তারা। সচিব ওয়াসিম আক্রম জানিয়ে দেন, ট্রান্সফার উইন্ডো খুললে তাঁরা নতুন ফুটবলার সই করাতে পারবেন। এই পরিস্থিতিতে আইএসএল খেলুক বা ইন্ডিয়ান ফুটবল লিগ, দলে বিদেশি নেওয়ার বিষয়ে আর কোনও বাধা থাকল না মহমেডানের। এবার এখনও মহামেডান দলে কোনও বিদেশি ফুটবলার নেই। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে তারা নতুন বিদেশি ফুটবলার সই করানোর পথে হাঁটতে পারবে।
এই সুখবরের সঙ্গেই এদিন ডুরান্ড কাপ যাত্রাও শুরু করছে মহামেডান। প্রতিপক্ষ অচেনা বাগপত এফসি। এই মুহূর্তে কলকাতা লিগের সৌজন্যে পুরো দলই খেলার মধ্যে রয়েছে। এবং সেখানে ভালো খেলছে মহামেডান। তিন ম্যাচে দু’টি ও একটি ড্র নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই ডুরান্ড খেলতে নামছে তারা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
