অলস্পোর্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। টাইগার শ্রফের ফুটবল খেলার প্রতি একটা আলাদা ভালবাসা আছে, সেটাও সকলের জানা। আর সেটা জানেন বলেই মুম্বই এফসির অন্যতম কর্ণধার জোহেব আমরানি ডুরান্ড কাপের জন্য টাইগার শ্রফকে নিজের দলে অন্তর্ভুক্তকরেছেন। টাইগার নিজেও মুম্বই এফসির হয়ে ডুরান্ড কাপে মাঠে নামার জন্য মুখিয়ে। মুম্বই এফসি দলের সঙ্গে প্রস্তুতিতে মেতেছেন।
জোহেব আমরানি জানিয়েছেন, টাইগার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন। তিনি শিলংয়ে যেতে পারেন মুম্বই এফসির হয়ে ডুরান্ডে গ্রুপ পর্যায়ের একটি ম্যাচে অংশ নিতে। জোহেব বলেছেন, ‘ মুম্বই এফসি দলে টাইগারের নাম নথিভুক্ত করা হয়েছে। চাইব ও একটা ম্যাচে খেলুক। কিন্তু টাইগারের যা জনপ্রিয়তা, তাতে টায়ার ২ বা টায়ার ৩য়ের মতো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়া জরুরি। নইলে একটা বড়সড় ঝামেলার সম্মুখীন হওয়া সম্ভাবনা অস্বাভাবিক নয়। আর সোসাল মিডিয়া এতটাই নির্দয়, এটা আরও বড় আকার ধারন করতে পারে কোনওরকম গন্ডগোল হলে। এটা মাথায় রেখেই টাইগারের কাছ থেকে আমরা ওর খেলার দিন জেনে নেব। সবকিছু ঠিকঠাক থাকলে টাইগার শিলংয়ের মাঠে গ্রুপ পর্বের একটা ম্যাচে খেলবে। এইমুহূর্তে সেকারণেই দলের সঙ্গে সড়গড় হতে ট্রেণিং করছে রুপোলি পর্দার তারকা।’
মুম্বই এফসির সঙ্গে টাইগার শ্রফের সম্পর্ক শুরু ২০২৪ সাল থেকে। তখন থেকে মুম্বই জেলা লিগে টাইগার ম্যাচেও নিয়মিত খেলেন। জোহেব জানিয়েছেন, টাইগারের ফুটবলের প্রতি প্রেম ও দক্ষতার প্রমাণ তিনি পান ২০২৩ সালে ইনফ্লুয়েন্সারস লিগে। ওই লিগে চিত্রতারকা রণবীর কাপুর, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অংশ নিয়েছিলেন। বুঝেছিলেন টাইগার পেশাদারি পর্যায়ে সিরিয়াস ফুটবল খেলতে পারেন। টাইগারের স্লাইড ট্যাকল, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ড্রিবল করার ক্ষমতাও নজর কেড়েছিল। তাই ওই টুর্নামেন্টের পরই তিনি মুম্বই এফসিতে যোগদানের জন্য টাইগারকে আমন্ত্রণ জানান। যেটা প্রথমে শুরু হয়েছিল হাল্কাচালে, সেটাই এখন শ্রফের মূল আগ্রহের কারণ হয়ে দাঁড়ায়।
জোহেব বলেন, ‘ আমি টাইগারকে বলেছিলাম মুম্বই জেলা লিগে খেলাটা কিন্তু নিছক হাল্কা ব্যাপার নয়। তার জন্য যথার্থ সিআইএস করাতে হবে। বুঝিয়ে বলেছিলাম, এটা সিরিয়াস টুর্নামেন্ট। সঠিকভাবে নাম নথিভুক্ত করাতে হবে। আইডি কার্ড থাকবে। মাঠে রেফারি থাকবেন সব কিছু বুঝে নিতে। খেলার অনেক নিয়মকানুন অনুসরণ করতে হবে। টাইগার সেগুলো মন দিয়ে শুধু শোনেইনি, সবকিছু দারুনভাবে রপ্ত করেছে একজন পেশাদার ফুটবলারের মতো।’
ডুরান্ড কাপে শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুম্বই এফসির গ্রুপ লিগের খেলাগুলি রয়েছে। লারসিং এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ৩ আগস্ট। দ্বিতীয় ম্যাচে ৮ আগস্ট প্রতিপক্ষ ২০২৪য়ের সেমিফাইনালিস্ট শিলং লাজং ও শেষ ম্যাচে ১১ আগস্ট প্রতিপক্ষ নঙ্গকেশ এসএস ও সিসি। এখন এই ৩ ম্যাচের মধ্যে কোন ম্যাচে টাইগার খেলবেন মুম্বই এফসির হয়ে সেটা নিরাপত্তার কারণে বেশি আগে থেকে জানাতে চান না জোহেব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
