Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক: গ্লাসগো ২০২৬‌ কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেই থামতে চান না ভারতীয় সফল ভারোত্তলক মীরাবাই চানু। সোনা জয়ের পরদিন থেকেই আসন্ন এশিয়ান গেমসে পদক জিততে মরিয়া তিনি। ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপো জয়ের পর সোনা জয়ের হ্যাটট্রিক করেছেন মনিপুরের মেয়ে চানু। টোকিও অলিম্পিক গেমসে রুপো জয়ের পর সময়টা ভাল যাচ্ছিল না তাঁর। চোট সমস্যা তাঁকে বেশ কিছুটা সময় প্রতিযোগিতা ও সাফল্য থেকে দূরে রেখেছিল। বিশেষ করে এক চুলের জন্য প্যারিস ২০২৪ অলিম্পিক্সে পদক হাতছাড়া হওয়ায় চানুর মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু হতাশ হয়ে হাল ছেড়ে দেননি। তাঁর সেই অদম্য জেদ গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে সোনা এনে দিয়েছে চানুকে। এখন তাঁর লক্ষ্য জাপান এশিয়ান গেমসে পদক জয়।

তাই ৩২ বছরের চানু কমনওয়েলথ গেমসে সোনা জয়ের রেশ দ্রুত কাটিয়ে উঠেছেন। গ্লাসগো থেকে দিল্লি ফিরে চানু প্রচারমাধ্যমকে জানিয়েওছেন, ‘‌ গ্লাসগোতে সোনা জয়ের পরদিন থেএকেই এশিয়াডে পদক জয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি। জাপান এশিয়ান গেমস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এশিয়াডের কোনও পদক নেই। প্রতিটি এশিয়াডের আগে আমাকে চোট সমস্যা ভুগিয়েছিল, যাতে আমার পদক জয় হাতছাড়া হয়েছে। এবার সেই প্রতিবন্ধকতা নেই। তাই এশিয়াডে বেশি করে ফোকাস করতে পারব পদক জিততে। আমি মরিয়া এশিয়াডে পদক জিততে।’‌

একদশকের ওপর ভারতীয় ভারোত্তলনের সাফল্য নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন চানু। চোট সমস্যার সঙ্গে লড়ে। এবার তিনি ফিট। তাই পদক জয়ের সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চান না এবার। চানুর মতে, ‘‌ আমি এটাকে আমার শেষ এশিয়ান গেমস ভেবে লড়াইয়ের মঞ্চে নামতে চাই না। বরং আমি এটাকে আমার সেরা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই পদক জিততে। ভবিষ্যতের প্রতিযোগিতা নিয়ে পরে ভাবলেই হবে। আপাতত জাপানের আইচ-‌নাগোয়া গেমস আমার জন্য এসপার ও ওসপার।’‌

মীরাবাই চানু জানিয়েছেন, জাপান এশিয়াডের কথা মাথায় রেখেই তিনি গ্লাসগো কমনওয়েলথ গেমসে নিজেকে পুরো উজাড় করে দেননি। বলেন, জাপানের প্রতিযোগিতা অনেক বেশি কঠিন হবে বলেই তিনি নিজেকে গ্লাসগোয় নিঃশেষ করে ফেলেননি। জাপানে তাঁর সম্ভাব্য প্রতিযোগী অলিম্পিক চ্যাম্পিয়ন হউ ঝিহুই,থাইল্যান্ডের সুরোদচানা খামবাও, ও উত্তর কোরিয়া ভারোত্তলকরা। এটা বুঝেই চানুর প্রতিক্রিয়া, ‘‌ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এশিয়াডের প্রস্তুতিতে। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। এশিয়াডের আগে সময় বেশি নেই তৈরি হওয়ার। এখন আর বাইরে গিয়ে ট্রেণিং করা সুযোগ নেই। তাই বিজয় স্যারের (‌বিজয় শর্মা)‌ কাছেই ট্রেণিং সারব তাঁর দেওয়া রুটিন মেনে। বিশেষ কিছু নয়, তবে নিজের পারফরমেন্সে উন্নতি ঘটাতে হবে পদক জিততে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *