Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ এটাই প্রত্যাশিত ছিল। অনেকে মনে করেছিলেন ২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজা মাত্র স্পেনের ফুটবলারদের ওপর চড়াও হওয়ার জন্য আর্জেন্টিনা দল বা ফুটবলারদের কড়া শাস্তি দেবে না ফিফা। কিন্তু আদৌ ফিফা সেটা ভোলেনি। বরং ফাইনাল শেষে আর্জেন্টিনা ফুটবলারদের হিংস্র আচরণের জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল তারা। ফিফা আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেশকে ১০ ম্যাচ নির্বাসন দিয়েছে। আরও দুই ফুটবলারের নির্বাসনের শাস্তি হয়েছে।

নিউজার্সির মাঠে বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের এরিক গারসিয়ার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন লিয়ান্দ্রো পারদেশ। ২০১৪ বিশ্বকাপে অখেলোয়াড়োচিত ও হিংস্র আচরণের জন্য উরুগুয়ের লুই সুয়ারেজের পর এত বড় ধরনের নির্বাসনের শাস্তি হল কোনও ফুটবলারের। পারদেশের ১০ ম্যাচ নির্বাসনের অর্থ হল তিনি জাতীয় দলের জার্সিতে কার্যত চলতি ফিফা ক্যালেন্ডার অনুযায়ী ২০২৭য়ের জুন মাস পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারবেন না। আপাতত আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচই রয়েছে , কোনও প্রতিযোগিতামূলক ম্যাচের দিন এখনও ঠিক হয়নি। এছাড়া আর্জেন্টিনা ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ৭ ম্যাচ ও থিয়াগো আলমাডার এক ম্যাচ নির্বাসনের শাস্তি হয়েছে। পারদেশের অতিরিক্ত ৯০ হাজার ডলার আর মোলিনা ও আলমাডার ৩০ হাজার ডলার করে আর্থিক জরিমানা হয়েছে।

স্পেনের গাভিরও অবশ্য এক ম্যাচ নির্বাসনের শাস্তি হয়েছে সেদিন ঝামেলায় জড়ানোয়। তিনি ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচে অংশ নিতে পারবেন না। গন্ডগোলে জড়ানোয় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ৩ ম্যাচ নির্বাসন ও ৩০ হাজার ডলার আর্থিক জরিমানা হয়েছে।

এখানেই শেষ নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা, বিশ্বকাপের সময় নানা অখেলোয়াড়োচিত ও ফিফা বিরোধী কার্যকলাপের জন্য। একইসঙ্গে আর্জেন্টিনাকে পরের ২টি ঘরের ম্যাচে খেলতে হবে ৫০ শতাংশ দর্শকের সামনে। বাকি ৫০ শতাংশ অংশের গ্যালারি ফাঁকা রাখতে হবে। এই শাস্তির অন্যতম কারণ হল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড আইল্যান্ডের বিষয়ে বিতর্কিত রাজনেতিক ব্যানার আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে তুলে ধরায়। এছাড়া বৈষম্যমূলক প্রতিক্রিয়া গ্যালারি থেকে আর্জেন্টিনার সমর্থকরা করার কারণেও জরিমানার পরিমান বেড়েছে। একইসঙ্গে ফিফা নির্দেশ দিয়েছে বর্ণবৈষম্য বিরোধী কার্যকলাপের বিপক্ষে প্রচারের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ডলার খরচ করতে হবে। আর্জেন্টিনা বিশ্বকাপ রানার্স হয়েও ৩৫ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে।

এই শাস্তির বিরুদ্ধে ফিফার কাছে আপিল করতে পারে আর্জেন্টিনা, এমনকি কোর্ট অফ আর্বিট্রশন ফর স্পোর্টসের দারস্থ হতে পারে নির্বাসন ও জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...