মহম্মদ সিরাজ
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বিশ্রামের অবকাশ নেই। একের পর এক ম্যাচ খেলেই চলেছে দল। ইতিমধ্যেই শেষ হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র হলেও, প্রথম টেস্ট ম্যাচ ভারত জিতে থাকায় ১-০-তে টেস্ট সিরিজ জিতে নেয় ভারত। ২৭ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামবে ভারত। তবে তার আগেই দেশে ফিরে এসেছেন মহম্মদ সিরাজ । ওডিআই সিরিজে খেলার জন্য তাঁর নাম মূল দলে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।
একটি রিপোর্টে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিয়ে দেশে ফিরেছেন সিরাজ। টেস্ট সিরিজ থেকে তিনি ছাড়াও দেশে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, কেএস ভরত এবং নভদীপ সাইনি।
এই ওডিআই সিরিজে মহম্মদ শামিও খেলবেন না। তাঁকেও বিশ্রামে পাঠানো হয়েছে। কারণ সামনেই আসন্ন ওডিআই বিশ্বকাপ রয়েছে যা ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এশিয়া কাপ-সহ আরও একাধিক টুর্নামেন্ট আছে ভারতের ঝুলিতে। ফলে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বিশ্রাম দিচ্ছে বিসিসিআই।
যেহেতু এই সিরিজে মহম্মদ শামি বিশ্রামে রয়েছেন, দলে সিরাজের মতো একজন পেসারের দরকার ছিল। তবে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যের নেতৃত্বাধীন দলে জয়দেব উনাদকর, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার এবং উমরান মালিকদের মতো তরুণ ক্রিকেটাররা রয়েছেন। যারা এই মুহূর্তে বেশ ভাল ফর্মেই রয়েছেন।
ভারতে অগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এশিয়া কাপ রয়েছে। তারপরে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের হোম সিরিজ এবং অক্টোবরে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ।
ক্যারিবিয়ান টেস্ট সফরে, দু’টি টেস্টে সাতটি উইকেট নিয়েছিলেন সিরাজ। যার মধ্যে পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে একা পাঁচ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনের পতন ঘটান তিনি।
সিরাজের শেষ ওয়ানডে ছিল ২০২২-এর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে। ওডিআইতে মোট ৪৩টি উইকেট নিয়ে ২০২২ থেকে একজন ভারতীয় বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
