অলস্পোর্ট ডেস্ক: শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই-তে বিশ্রিভাবে হেরে যায় ভারতীয় দল। দলের দুই তারকা ক্রিকেটার অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। যার ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় দল-সহ টিম ম্যানেজমেন্টকে। সর্বত্র একটিই প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। সেটি হল, কেন হঠাৎ দ্বিতীয় ওডিআইতে বিশ্রামে পাঠানো হল রোহিত-বিরাটকে? এদিন সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ।
তিনি ব্যাখা করেন যে, চলতি ওডিআই সিরিজটি তাদের দলকে পরখ করে নেওয়ার শেষ সুযোগ হিসাবে ব্যবহার করেছেন তাঁরা। কোহলিদের না খেলানোর সিদ্ধান্তের পিছনে ছিল আসন্ন এশিয়া কাপে খেলার পূর্বে নির্ধারিত দল বাছাই ও বিশেষত ঘরের মাঠে বিশ্বকাপের জন্য যুবদলকে প্রস্তুত রাখার উদ্দেশ্য।
শনিবারের ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলেন,‘‘আমরা সবসময় বড় লক্ষ্যের কথা ভেবে এগিয়ে চলি, প্রতিটা ম্যাচ কিংবা সিরিজের জন্য ভাবতে গেলে চলবে না। যেখানে আমাদের সামনে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপের মতোন সিরিজ অপেক্ষা করছে সেখানে এরকম কিছুমাত্র দু-তিন ম্যাচের সিরিজে বিরাট-রোহিতরা খেললে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম না।’’
‘‘আমরা বিভিন্ন খেলোয়াড়কে দেখে নিতে চেয়েছিলাম এবং তাই এই সিদ্ধান্ত। আমরা যুব ক্রিকেটারদের একটি সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে দলের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তারা সামাল দিতে পারে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের দলের অনেক খেলোয়াড় এনসিএতে রয়েছে এবং তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেজন্য আমরা আরও কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে প্রয়োজন হলে তারাও খেলতে পারে,’’ রাহুল আরও বলেন।
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে দলকে ও বিশেষত রোহিতদের যে গভীর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, সেই বিষয়ে কোচ দ্রাবিড়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমরা অন্যদের মতামত নিয়ে খুব বেশি চিন্তিত নই, এরা আমাদের দেশের প্রতিভাবান ছেলে সব, তারা সবাই তাদের সেরা দিয়ে পারফর্ম করে আজ এখানে এসেছে। তাদের সুযোগ দেওয়া হলে তাঁরা সেই সুযোগ লুফে নেবে। তবে আমরা একটু হতাশ হয়েছিলাম, আমরা জানতাম এদিন উইকেট তুলে নেওয়া কঠিন ছিল, কিন্তু আশা করেছিলাম কোনভাবে ২৩০-২৪০ রানে পৌঁছাতে পারব, যেটা নিঃসন্দেহে একটা ভাল স্কোর হতে পারত। কিন্তু মাঝে পরপর উইকেট হারানোর জন্য ৫০-৬০ রান কম পড়ে যায় আমাদের।’’
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের বর্তমান অবস্থান এখন ১-১। তৃতীয় ও অন্তিম ওডিআই সোমবার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
