তিলক ভার্মা
অলস্পোর্ট ডেস্ক: দোরগোড়ায় দাঁড়িয়ে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩। কিন্তু ভারতীয় দলের মিডিল অর্ডারের চার নম্বর ব্যাটসম্যানের সমস্যার এখনও তেমন কোনও সমাধান হয়নি। এরই মধ্যে নবাগত প্লেয়ার হিসেবে এশিয়া কাপে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিলক ভর্মা । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে ভাল পারফর্ম করেছেন তিনি। তবে একদিনের জাতীয় দলে মিডিল অর্ডারের সমস্যা তিনি আদৌ মেটাতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
দলের চার নম্বর ব্যাটার হিসেবে শ্রেয়াস আয়ার এবং কে এল রাহুল বেশ কিছুদিন খেলেছেন। কিন্তু তাঁদের দীর্ঘ চোটের কারণে দল নির্বাচকরা এই পজিশনে বেশ কয়েকজন বিকল্প ভেবেছেন। এশিয়া কাপে এই পজিশনে খেলার জন্য তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন তিলক ভর্মা।
ভারতের ব্যাটিং অর্ডারের সব থেকে অনিশ্চিত পজিশন এই নম্বর চার। ২০১৯ ওডিআই বিশ্বকাপের পর থেকে এই সমস্যার কোনও সমাধান এখনও পর্যন্ত হয়নি। চার নম্বরে মোট ১২জন খেলোয়াড়কে খেলানো হয়েছে। তাঁদের সবার মধ্যে এই পজিশনে সর্বোচ্চ রান রেট ৩৩.৫। যা তিন থেকে সাত নম্বর ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম।
২০১৯ বিশ্বকাপের সময় থেকে চার নম্বরে খেলে শ্রেয়াস আয়ারের রান ৮০৫। কিন্তু চোটের কারণে দীর্ঘ দিন তিনি খেলা থেকে দূরে ছিলেন। সেই সময় চার নম্বরে খেলেছেন সূর্যকুমার যাদব। কিন্তু মিডিল অর্ডারে পাঁচটা ইনিংস খেলে তিনি মাত্র ৩০ রান করেছেন। যা দলের জন্য যথেষ্ট নয়। ওডিআই-তে মোট ২৪টা ইনিংস খেলে তাঁর রান ৫১১।
২০১৯ বিশ্বকাপ থেকে মিডিল অর্ডারে সর্বাধিক রান করেছেন কে এল রাহুল। চোট কাটিয়ে ফিরে এলেও এশিয়া কাপের প্রথম কিছু ম্যাচে তাঁকে দেখা যাবে না। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন ঈশান কিষান। ছ’টা ইনিংস খেলে মিডিল অর্ডারে তিনি ১০৬ রান করেছেন। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজে তাঁকে ওপেনার হিসেবে খেলানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজে টি২০ সিরিজে ভাল পারফর্ম করায় দলে জায়গা পেয়েছেন তিলক ভর্মা। নির্বাচকরা তাঁকে মিডল অর্ডারে খেলানোর চিন্তাভাবনা করলেও এই পজিশনে খেলার কোনও অভিজ্ঞতা তাঁর নেই। তাই তাঁর বিকল্প হিসেবে সঞ্জু স্যামসন-কেও ভেবে রাখা হয়েছে।
এখন অনেক প্লেয়াররের সামনে সুযোগ আছে এশিয়া কাপে ভাল পারফর্ম করে ওডিআই বিশ্বকাপে চার নম্বরে নিজের জায়গা নিশ্চিত করার। চার নম্বরের সেরা খেলোয়াড় শ্রেয়াস আয়ার যদি চোট কাটিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন তবে সূর্যকুমার যাদব এবং তিলক ভর্মা সুযোগ পেতে পারেন এই পজিশনে খেলার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
