Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান ক্রিকেট বোর্ড

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ-এ অংশগ্রহণকারী দলগুলোর জার্সির লোগোতে নেই আয়োজক দেশ পাকিস্তানের নাম। সেই নিয়ে ভক্তরা এবং প্রাক্তন কিছু খেলোয়াড়ের তীব্র সমালোচনার মুখে পরতে হয়েছে পিসিবিকে। বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান। কিন্তু তারপরই দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ ক্ষোভ উগরে দেন পিসিবির বিরুদ্ধে। ‘‘এটা মেনে নেওয়া যায় না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জবাব দিতে হবে কেন এটা হল। কারণ তাঁরা এশিয়া কাপের আয়োজক,“ বলেন তিনি।

এশিয়া কাপের ম্যাচগুলো পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হলেও, এবারের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও জার্সিতে নেই পাকিস্তানের নাম। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানের ভক্তদের মধ্যে। পাকিস্তান ক্রিকেট কাউন্সিল চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করার। তাঁরা জানিয়েছে, শেষ এশিয়া কাপের পর এসিসি সিদ্ধান্ত নিয়েছিল যে পরেরবার থেকে লোগোতে আয়োজক দেশের নাম থাকবে না। কিন্তু বেশিরভাগ পাকিস্তান ক্রিকেট ভক্তরা এই যুক্তি মেনে নিতে চাননি। নিজেদের সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

প্রশ্ন উঠে আসছে, ১৫ বছর পর পাকিস্তান কোনও বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। সেক্ষেত্রে এসিসি এমন সিদ্ধান্ত নিলেও পিসিবি কেনও মেনে নিল? পাকিস্তানের প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান মহসিন খান প্রশ্ন তোলেন, ‘‘সব মিলিয়ে এটার কোনও মানে নেই। যদি তাই হয় তবে এসিসি কেন তাঁদের এশিয়ান ইমার্জিং কাপ এবং  জুলাইতে হওয়া মালয়েশিয়াতে এশিয়ান অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে জার্সিতে আয়োজক দেশের নাম দেওয়ায় বাধা দিল না?” মহসিন খানের মতে এসিসির তরফে এই অনিশ্চয়তা পরিস্কার করে দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের আর একজন প্রাক্তন ক্রিকেটার বিশ্বাস করেন, এসিসির সভাপতি এবং বিসিসিআই সচিব জয় শাহ চাননি লোগোতে আয়োজক দেশের নাম থাকুক তাই বাদ পরেছে পাকিস্তানের নাম। ‘‘দু’দেশের মধ্যে বর্তমান সম্পর্কের কারণে বিসিসিআই চায়নি তাঁদের দেশের খেলোয়াড়দের জার্সিতে পাকিস্তানের নাম থাকুক। তাই এশিয়া কাপের লোগোতে দেওয়া হয়নি আয়োজক দেশের নাম,“ বলেন তিনি।

এই জল্পনাকে উড়িয়ে দিচ্ছেন না রশিদ লতিফ। তাঁর মতে যা হয়েছে তা খুবই দূর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কেন হল তা স্পষ্ট করা দরকার এসিসির তরফে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *