Cart Total Items (0)

Cart

All Sports India
এএফসি এশিয়ান কাপ

অলস্পোর্ট ডেস্ক: সুনীল ছেত্রী নির্ভরতা কি কাটছে না ভারতীয় ফুটবল দলের? পারিবারিক কারণে কিংস কাপ ২০২৩-এ দলের সঙ্গে যাননি দলের সব থেকে সিনিয়র প্লেয়ার সুনীল। তাঁর জায়গায় দলের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে সন্দেশ ঝিঙ্গানের হাতে। এক ঝাঁক অভিজ্ঞ এবং তরুণ প্রজন্মের সেরাদের নিয়েই দল গড়েছেন ইগর স্টিমাচ। তবুও জয়ের মুখ দেখতে পাচ্ছে না ভারত। প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছে দল। দু’বার এগিয়েও গিয়েছিল। কিন্তু টাইব্রেকারের হারতে হল তাদের। আর এদিন ভারতের সামনে ছিল লেবানন। যারা ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে মাত্র একধাপই এগিয়ে রয়েছে। ভারত ৯৯ ও লেবানন ৯৮। সেখানেই হারের মুখ দেখতে হল।

ভারতের ডিফেন্ডাররা ৭৭ মিনিট পর্যন্ত ঘর সামলাতে সক্ষম হয়েছিলেন ঠিকই। কিন্তু মুহূর্তের ভুলে গোল হজম। আর সেখান থেকে ফিরাতে পারলেন না ভারতের ফরোয়ার্ডরা। ৭৭ মিনিটে গোল হজম করে হতোদ্যম হয়ে পড়ল ভারতের সিনিয়র দল। কর্নার থেকে কাসিম আল জেইনের অসাধারণ ব্যাকভলি চোখের নিমেশে ঢুকে যায় ভারতের গোলে। ঘরের মাঠে দুরন্ত পারফর্মেন্স ভারতের। এ মরসুমে ১১টির মধ্যে ন’টিতেই জয় এবং দুটো ড্র। তারাই বিদেশের মাটিতে গিয়ে পর পর হারছে, সেটা নিয়ে ভাবার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের।

ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই সুযোগ চলে এসেছিল ভারতের সামনে। মহেশের মাপা ক্রস বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন মনবীর। কিন্তু তাঁর হেডের বারের উপর দিয়ে বাইরে চলে যায়। ২৬ মিনিটের বক্সের মধ্যে থেকে ছাংতের শট প্রতিপক্ষের গায়ে ধাক্কা লেগে বেরিয়ে যায় বাইরে। ৩৮ মিনিটে ম্যাচের সব থেকে সহজ সুযোগটি নষ্ট করেন অনিরুদ্ধ থাপা। লেবাননের গোলকিপার খলিল লাইনে ছিলেন না। ফাঁকা গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন থাপা কিন্তু খলিল মুহূর্তেই নিজের ভুল শুধরে নিয়ে বাঁচিয়ে দেন সেই গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অনিরুদ্ধ থাপা ও আশিস রাইকে তুলে নেন কোচ স্টিমাচ। তাঁদের জায়গায় নামিয়ে দেন ব্রেন্ডন ফর্নান্ডেজ ও নিখিল পুজারীকে। যদিও তাতেও কোনও লাভ হয়ি। ৬২ মিনিটে আরও দুটো পরিবর্তন করেন কোচ মনবীরের জায়গায় সুরেশ এবং জিকসনের জায়গায় রোহিতকে নামিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফ্রেশ লেগ এনে দলের খেলার গতি বাড়াতে চেয়েছিলেন কোচ। এর মধ্যেই বেশ কয়েকবার ভারতীয় রক্ষণের ফাক ফোকরগুলোও বেরিয়ে এল। গোলের নিচে গুরপ্রীত না থাকলে ব্যবধান বেশি হত বা আরও আগেই গোল হজম করতে হত ভারতকে। এদিন লেবানন গোলের নিচেও প্রাচীর তৈরি করেছিলেন খলিল। চেষ্টার ত্রুটি ছিল না ভারতের তবে শেষরক্ষা হল না।

ভারতীয় দল: গুরপ্রীত সিং, আশিস রাই (নিখিল পুজারী), আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, অনিরুদ্ধ থাপা (ব্রেন্ডন ফার্নান্ডেজ), সহাল আব্দুল সামাদ (রাহুল কেপি), মনবীর সিং (সুরেশ ওয়াংজাম), জিকসন সিং (রোহিত কুমার), লালিনজুয়ালা ছাংতে, নাওরেম মহেশ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...