নোভাক জকোভিচ
অলস্পোর্ট ডেস্ক: নোভাক জকোভিচ রবিবার ড্যানিল মেদভেদেভকে সরাসরি সেটে পরাজিত করে তাঁর চতুর্থ ইউএস ওপেন এবং ২৪তম গ্র্যান্ডস্ল্যাম একক শিরোপা জিতে নিলেন। দু’বছর আগে ফাইনালে রাশিয়ানের কাছে তার হারের প্রতিশোধও তুলে নিলেন। ৩৬ বছর বয়সী জোকোভিচ ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ সেটে জিতে নিউ ইয়র্কে ওপেন যুগে সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি এবং সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের জন্য মার্গারেট কোর্টের সর্বকালের সেরাকে ছুয়ে ফেললে। তিনিই হলেন প্রথম ব্যক্তি যিনি একই মরসুমে চারবার তিনটি গ্র্যান্ডস্ল্যাম ইভেন্ট জিতেছেন।
তিনিই কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস তারকা? এই প্রশ্ন বেশ কয়েক বছর ধরে ঘুরছে টেনিস দুনিয়ায়। বিশেষ করে ফেডেরার পরবর্তী সময়ে। তার মধ্যেই দীর্ঘ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেলেন তিনি। ফ্লাশিং মেডোজে ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে সার্বের জয় – তাঁর ২০২৩-এর তৃতীয় বড় জয়। তাঁকে পুরুষদের স্ল্যাম চ্যাম্পিয়নদের তালিকার শীর্ষে জায়গা আগেই করে নিয়েছিলেন। এবার ব্যবধান বাড়িয়ে নিলেন। রাফায়েল নাদাল (২২), রজার ফেডেরার (২০)-কে আগেই ছাপিয়ে গিয়েছিলেন তিনি৷ এবার যেন নিজেকেই নিজে মাত দিলেন। ৩৬ বছর বয়সী জকোভিচের জন্য এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা খেলা শেষেই ভাল মতো টের পাওয়া গেল। যখন তিনি সন্তানকে কোলে নিয়ে কেঁদে ফেললেন।
মেদভেদেভ ২০২১-এর ফাইনালে জকোভিচকে সরাসরি সেটে পরাজিত করেছিলেন যার ফলে সেবার একই বছরে চারটি গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছ থেকে তাঁকে ফিরতে হয়েছিল। এবার অবশ্য প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি তিনি।
জকোভিচ প্রথম থেকেই মেদভেদেভের উপর চাপ সৃষ্টি করছিলেন। শুরুতে লড়াইও দিচ্ছিলেন মেদভেদেভ। প্রথম সেটের শুরুতেই মেদভেদেভের সার্ভিস ব্রেক করে দেন জকোভিচ। যার ফলে সহজেই প্রথম সেট জিতে যান জকার। কিন্তু দ্বিতীয় সেটে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন মেদভেদেভ। যার ফলে লড়াই পৌঁছয় হাড্ডাহাড্ডি পর্যায়ে। প্রথম সেট ৬-৩-এ জিতে যাওয়া জকোভিচকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন তাঁর প্রতিপক্ষ।
সেট পৌঁছয় টাইব্রেকারে। এই দ্বিতীয় সেট এতটাই লড়াইয়ের জায়গায় ছিল যে তা গড়ায় এক ঘণ্টা ৪৪ মিনিট পর্যন্ত। কেউ কারও সার্ভিস ভাঙতে পারছিলেন না কিছুতেই। দীর্ঘ র্্যালি চলে দু’জনের মধ্যে। এর মধ্যেই দুটো ডাবল ফল্ট করে বসেন জকোভিচ। কিন্তু ম্যাচ হাতের বাইরে যেতে দেননি। সেই সময় পায়ের পেশীর টানও উপেক্ষা করে লড়ে যান তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটও ৭-৬ (৭/৫)-এ জিতে নেন তিনি। আর প্রথম দুই সেট জিতে গেলে জকোভিচকে হারানো প্রায় অসম্ভব। যা পারেনওনি মেদভেদেভ।
উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারেজের কাছে হারটা যেন কাটার মতো বিঁধে ছিল তাঁর গলায়। কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না, বোঝাই যাচ্ছিল। ইউএসওপেন জিতে সেই জ্বলতে থাকা আগুন শেষ পর্যন্ত নিভল। যে আলকারাজের কাছে তিনি হেরেছিলেন তাঁকেই সেমিফাইনালে হারিয়ে ইউএস ওপেনে জকোভিচের মুখোমুখি হয়েছিলেন মেদভেদেভ। কিন্তু জকোভিচের অদম্য লড়াইয়ের কাছে হার মানতে হল তাঁকে। আর সেই হারের পর থেকে জকোভিচ এই নিয়ে টানা ১২টি ম্যাচ জিতে নিলেন। এটাই হয়তো জয়ের খিদে। যা তাঁকে সর্ব কালের সেরাদের তালিকায় পৌঁছে দেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
