অলস্পোর্ট ডেস্ক: আইএসএল-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে আইএসএল১০। ১০ বছরে পা দিল এবারের ইন্ডিয়ান সুপার লিগ। এতদিন আইএসএল-এর দ্বিতীয় ম্যাচ শুরু হত রাত সাড়ে সাতটায়। কিন্তু এবার থেকে তা পিছিয়ে করে দেওয়া হয়েছে রাত আটটায়। যার ফলে খেলা শেষ হবে রাত ১০টা। এই সময় কলকাতা শহর প্রায় ঘুমিয়ে পড়ে। রাস্তায় পাবিলক ট্রান্সপোর্ট কমে যায়। বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এই পরিস্থিতিতে খেলা দেখে রাত ১০টার পর কীভাবে যুবভারতী স্টেডিয়াম থেকে শহরের অন্য প্রান্তে যাবেন সমর্থকরা সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
কলকাতায় আইএসএল-এর প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। সমর্থকদের কথা ভেবে পদক্ষেপ নিল মোহনবাগান ক্লাব কর্তারা। এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছে মোহনবাগান। ক্লাবের তরফে ম্যাচ শেষে বিভিন্ন রুটে যাতে বাড়তি বাস চালানো যায় ম্যাচের দিনগুলোতে সেই আবেদন জানানো হয়েছে।
বিশেষত, বিভিন্ন জেলা থেকে সমর্থকরা আসেন স্টেডিয়ামে খেলা দেখতে। তাঁরা হয় উল্টোডাঙা অথবা শিয়ালদহ স্টেশন ব্যবহার করেন। হাওড়ার দিকের লোকেদের বাস ছাড়া উপায় নেই। এছাড়া দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকাও রয়েছে। ম্যাচ ভাঙার পর স্বাভাবিক সময়ে উল্টোডাঙাগামী বাসে বাদরুঝোলা ভিড় দেখতে পাওয়া যায়। অন্যদিকে শিয়ালহদগামী অটোর লাইন সুযোগ বুঝে বিপুল টাকা হেঁকে বসে। সব মিলে স্বাভাবিক সন্ধের সময়ই এই দৃশ্য দেখা যায় ম্যাচ থাকলে।
এবার সেই সমস্যা মেটাতে পরিবহন মন্ত্রীর কাছে উল্টোডাঙা, সল্টলেকের জন্য চারটি, সায়েন্স সিটি, ধর্মতলা ও শিয়ালদহের জন্য রুট প্রতি দু’টি করে বাসের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রীর সঙ্গে মিটিঙেও বসতে চেয়েছেন মোহনবাগান কর্তারা। এখানেই থামেননি তাঁরা। পরিবহনমন্ত্রীর পাশাপাশি চিঠি দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকেও। স্টেডিয়ামের গায়েই রয়েছে মেট্রো স্টেশন। যাতে করে সহজেই শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন সমর্থকরা। তাই রাত ১০টার পর যেন অন্তত তিনটি মেট্রো ওই পথে চালানো হয়, সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এখনও কোনো উত্তর কোনও পক্ষ থেকেই আসেনি বলে জানা গিয়েছে। সে কারণে শনিবারের ম্যাচে এই চাহিদা পূরণ হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পরের ম্যাচগুলো থেকে হবে বলে আশা করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
