অলস্পোর্ট ডেস্ক: শনিবার দুপুরেই মেট্রোরেল কর্তৃপক্ষ রাত ১০টার পর জোড়া মেট্রো ঘোষণা করেছে। যুবভারতী মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রোটি ছাড়বে রাত ১০টায় এবং দ্বিতীয়টি ছাড়বে রাত ১০.১০ মিনিটে। তবে তাতে যে সমস্যা মিটবে না তা প্রথমেই বোঝা গিয়েছিল। কারণ নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও খেলা শেষ হতে হতে ৯.৫০ থেকে ৯.৫৫ হয়ে যাবে। তার পর স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে রাত ১০টার ট্রেন ধরা প্রায় অসম্ভব। যে কারণে সেই ট্রেন ফাঁকাই যাবে। যদি না সমর্থকরা ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। দ্বিতীয় ট্রেন রাত ১০.১০-এর টা তাও ধরতে পারেন তবে তার জন্য ম্যাচ শেষে এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।
এই টুকু তাও ঠিক ছিল। ম্যাচ রাত আটটায় শুরু হবে ভেবে এই দুটো মেট্রো দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। শনি ও রবিবার আইএসএল-এর দুটো করে ম্যাচ থাকবে। প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা বিকেল ৫.৩০-তে। এদিন ওড়িশায় ছিল ওড়িশা বনাম চেন্নাই ম্যাচ। কিন্তু সেই ম্যাচ দেড়িতে শুরু হয়। প্রবল বজ্রপাতের জন্য সেই ম্যাচ সময় মতো শুরু করা যায়নি। যার ফলে যথা সময়ে তা শেষ হয়নি। যতক্ষণ না প্রথম ম্যাচ শেষ হবে ততক্ষণ দ্বিতীয় ম্যাচ শুরু করা যাবে না। লাইভ টেলিকাস্টের কারণেই এই সিদ্ধান্ত। যে কারণে মোহনবাগান বনাম পঞ্জাব ম্যাচ ইতিমধ্যেই ৩৫ মিনিট পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে ৮.৩৫-এ শুরু হবে এই ম্যাচ।
৮.৩৫-এ যুবভারতীতে ম্যাচ শুরু হলে তা শেষ হতে প্রায় সাড়ে ১০টা। আর এই ম্যাচ যদি সাড়ে ১০টায় শেষ হয় বা ১০.১৫-তেও যদি শেষ হয় তাও ১০.১০-এর স্টেডিয়াম স্টেশন থেকে মেট্রো কোনওভাবেই ধরতে পারবে না সমর্থকরা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ শেষে যে সমস্যার কথা ভেবে মোহনবাগান কর্তারা মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন সেই সমস্যা থেকেই যাবে। এদিকে শিয়ালদহ থেকে সব দিকের শেষ ট্রেন সাড়ে ১১টার আশপাশে। সেই ট্রেন ধরতে রীতিমতো বেগ পেতে হবে তাদের। অত রাতে অটো, বাসও থাকে না রাস্তায়। সব মিলে আইএসএল ম্যাচ দেখতে মাঠে যাওয়া সমর্থকদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
