Cart Total Items (0)

Cart

All Sports India
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: জয়ের ধারা ধরে রাখল মোহনবাগান। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি কাপের গ্রুপ পর্বে জয় দিয়েই শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার আইএসএল ২০২৩-২৪-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হুয়ান ফেরান্দোর ছেলেরা। সেখানেও বাজিমাত তাদের। ৩-১ গোলে পঞ্জাব এফসিকে হারিয়ে জয় দিয়েই আইএসএল যাত্রা শুরু করল দল।

৩৫ মিনিট দেড়িতে খেলা শুরু হলেও উত্তেজনায় টগবগ করে ফুটছিল গোটা দল। যার ফল ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যাওয়া। ম্যাচ শুরুর ১০ মিনিটে মাথায় জেসন কামিন্সের অনবদ্য সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় মোহনবাগান। আশিস রাইয়ের থেকে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন সহাল আব্দুল সামাদ। কিন্তু গোলের খুব কাছে থাকলেও তাঁকে ঘিরে রেখেছিল পঞ্জাব ডিফেন্ডাররা। ততক্ষণে বল লক্ষ্য করে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন জেসন কামিন্স। সুযোগ বুঝে ছোট্ট টোকায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা কামিন্সকে বল ঠেলে দেন সামাদ। সেই চলতি বলেই মোহনবাগানের হয়ে প্রথম গোল করে ফেলেন কামিন্স। বলের নাগাল পাননি পঞ্জাব গোলরক্ষক।

 এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দল শুরুতেই এগিয়ে গিয়ে গোলের খিদে বেড়ে যায় মোহনবাগানের। যার ফল ৩৫ মিনিটে ২-০ করে ফেলে মোহনবাগান। এবার সেই গোলের কারিগর দিমিত্রি পেত্রাতোস। সঙ্গে দুরন্ত বোঝাপড়ার ফল। বক্সের বাঁ দিক থেকে বক্সের মধ্যে পাস বাড়িয়েছিলেন জেসন কামিন্স। বল পেয়ে গিয়েছিলেন লিস্টন কোলাসো। কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘেরাটোপে। সময় নষ্ট না করে বক্সে উঠে আসা দিমিত্রিকে পাস বাড়িয়ে দেন। সেই চলতি বলেই দিমিত্রির জোড়াল শট ফাঁকা গোলে চলে যায়। গোলকিপার নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

তার ঠিক পাঁচ মিনিট আগেও সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন দিমিত্রি। বল নিয়ে ঝুকে পড়েছিলেন বক্সের মধ্যে। কিন্তু শেষ কাজটি করতে পারেননি। ২-০ গোলে গিয়ে হয়তো কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন মোহনবাগান ফুটবলাররা। যার ফল খেলার গতির বিপরিতে গোল হজম করতে হয় ডুরান্ড চ্যাম্পিয়নদের।৫৩ মিনিটে গ্লেন মার্টিন্সের মিস পাস থেকেই বল পেয়ে গিয়েছিল পঞ্জাব। বাগান গোলকিপার বিশাল কাইথ নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন। যে সুযোগ দারুণভাবে কাজে লাগালেন পঞ্জাবের মিজসেন। বিশালকে বেশ কয়েকবার সমস্যায় পড়তে দেখা গেল। ভাগ্যিস রক্ষণে ছিলেন আনোয়ার আলি। বেশ কয়েকবার ঘর রক্ষা করলেন তিনি দারুণ দক্ষতায়।

মোহনবাগানের তিন নম্বর গোলটি এল পরিবর্ত মনবীর সিংয়ের পা থেকে। আক্রমণে ধার বাড়াতে শুভাশিস বোসকে তুলে মনবীরকে নামিয়ে দিয়েছিলেন ফেরান্দো। যার ফল পেলেন হাতে নাতে। ৬৪ মিনিটে দলের হয়ে ৩-১ করলেন মনবীর সিং। পেত্রাতোসের অসাধারণ ক্রস থেকে দারুণ শটে গোল করে যান তিনি। যার ফলে মোহনবাগান তাদের আইএসএল অভিযান শুরু করল জয় দিয়েই।

মোহনবাগান: বিশাল কাইথ, আনোয়ার আলি, ব্রেন্ডন হামিল, দিমিত্রি পেত্রাতোস (হুগো বুমৌস), শুভাশিস বোস (মনবীর সিং), লিস্টন কোলাসো, সহাল আব্দুল সামাদ, হেক্টর ইউয়েস্তে, গ্লেন মার্টিন্স, জেসন কামিন্স (সাদিকু), আশিস রাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *