অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে ভারতের। দ্বিতীয় ম্যাচে ৩৯৯ রান করে ইতিহাস আগেই গড়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল । যদিও বৃষ্টির জন্য কমিয়ে দেওয়া হয়েছিল ওভার। যার ফলে ডিএলএস মেথডে ৩৩ ওভারে নেমে আসে খেলা। যেটাও পুরো খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮.২ ওভারে ২১৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৯ রানে ম্যাচ জিতে নেয় ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই ভারতের দখলে।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। মনে করা হয়েছিল এই পিচে রান তাড়া করা অনেক বেশি সুবিধে। টস হেরে একই মতামত দিয়েছিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুলও। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে যে রানের পাহাড় ভারত তৈরি করেছিল তার সামনে কারও পক্ষেই রান তাড়া করা সম্ভব ছিল না। তার উপর বৃষ্টি দোসর।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র আট রান করে ফিরে গিয়েছিলেন ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু সেটা ভারতীয় ব্যাটিংয়ের উপর কোনও প্রভাবই ফেলতে পারেনি। এর পর তিন শুবমান গিলের সঙ্গে তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়াস আইয়ার। দু’জনের ব্যাটের দাপটে অকেজ হয়ে পড়ে অজি বোলিং। শুবমান ৯৭ বলে ১০৪ ও শ্রেয়াস ৯০ বলে ১০৫ রান করেন। এই দু’জন আউট হওয়ার পর বাকিরা সেই রানের ধারা ধরে রাখেন। কেএল রাহুল ৫২, ঈশান কিষান ৩১ রান করে আউট হন। ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেম সূর্যকুমার যাদব। ১৩ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ৫০ ওভার ভারত থামে ৩৯৯-৫-এ।
অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন ক্যামেরন গ্রিন। একটি করে উইকেট নেন জোশ হেজেলউড, সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু শর্ট ৯, ডেভিড ওয়ার্নার ৫৩, স্টিভ স্মিথ ০, মার্নাস লাবুশাগনে ২৭, জোশ ইঙ্গলিশ ৬, অ্যালেক্স ক্যারি ১৪, ক্যামেরন গ্রিন ১৯, সিন অ্যাবট ৫৪, অ্যাডাম জাম্পা ৫, জোশ হেজেলউড ২৩ রান করে আউট হন। ২৮.২ ওভারে ২১৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে এদিন তিনটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দুই উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। এক উইকেট নেন মহম্মদ শামি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
