ভারতীয় পুরুষ রিকার্ভ দল
অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ তীরন্দাজিতে পুরুষ রিকার্ভ দল রুপো জিতে নিল। শুক্রবার ভারতের অতনু দাস, ধীরজ বোম্মাডেভারা এবং তুষার শেলকে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। দক্ষিণ কোরিয়া ৫-১ ব্যবধানে জিতে স্বর্ণপদক নিয়েছে। ভারত ৫৫-৬০, ৫৭-৫৭, ৫৫-৫৬ গেমে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়েছে। ফলে, ভারতকে সন্তুষ্ট থাকতে হয়েছে রুপোতেই।
এশিয়ান গেমসে ভারত শেষবার রিকার্ভ বিভাগে পদক জিতেছিল ১৩ বছর আগে। যেখানে তারা পুরুষ এবং মহিলাদের ইভেন্টে রুপো এবং দলগত ব্রোঞ্জ পদক জিতেছিল।চলমান গেমসে তীরন্দাজে সামগ্রিকভাবে ভারতের এটি রেকর্ড অষ্টম পদক। তারা ইতিমধ্যে কম্পাউন্ড বিভাগে মিক্সড, মহিলা এবং পুরুষদের ইভেন্টে তিনটি দলীয় স্বর্ণপদক জিতেছে।
অন্যদিকে মহিলা রিকার্ভ দলও এদিন ভিয়েতনামকে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিজেদের নামে করে। মহিলা দলের মধ্যে ছিলেন ভারতের অঙ্কিতা ভাগত, ভাজন কৌর এবং সিমরানজিত সিং। ভারত চার সেটের পর ৬-২ ব্যবধানে ভিয়েতনামকে পরাজিত করেছে। ৫৬-৫২, ৫৫-৫৬, ৫৭-৫০, ৫১-৪৮ গেমে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা রিকার্ভ দল।
এছাড়া, সেপাকটাকরোতে মহিলা দল সেমিফাইনালে থাইল্যান্ডের কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছে। ভারতের কুস্তিগিররা আজ গেমে দারুণ সাফল্য এনেছে। সোনম মালিক সেমিফাইনালে চীনের জিয়া লংকে হারিয়ে মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন এবং কিরণ বিষ্ণোই মহিলাদের ৭৬ কেজি বাউটে ব্রোঞ্জ পেয়েছেন। পরিশেষে, আমান শেহরাওয়াত পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ নিয়েছেন। এরইসঙ্গে ব্যাংঝৌতে ভারতের ৯৩তম পদক নিশ্চিত হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
