অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার কলকাতার আইসিসিআর-এ শুরু হল এই মরসুমের চেস ফর ইয়ুথ। এবার ১৪ বছরে পা দিল দাবার এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা গ্ৰ্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাঁর ডাকেই এদিন চেস ফর ইয়ুথের উদ্বোধনে হাজির হয়েছিলেন বাংলার দুই গ্ৰ্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায় ও নীলোৎপল দাস। চেস ফর ইয়ুথের সাফল্যে উচ্ছ্বসিত দু’জনেই।
সূর্য শেখরের মনে যদিও একটা আফসোস থেকে গিয়েছে, এদিন সেটা বলেই ফেললেন। বলছিলেন, “দিব্যেন্দু কাকু (দিব্যেন্দু বড়ুয়া) যখন থেকে চেস ফর ইয়ুথ শুরু করল তখন আমি আর ইয়ুথ নেই। তাই কখনও খেলা হয়নি। আশা করি ভবিষ্যতে কখনও চেস ফর সিনিয়র হবে, তখন নিশ্চয়ই খেলার সুযোগ পাব।”
নীলোৎপল বলছিলেন, “আমাদের সময় যেমন ছিল টেলিগ্ৰাফ চেস। আমাদের জেনারেশনের সবাই সেটা খেলেছে। তার পর থেকে এই জেনারেশনের এমন কাউকে পাওয়া যাবে না যে এই চেস ফর ইয়ুথ খেলেনি। যা বাংলার দাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।” সূর্য শেখর ও নীলোৎপল, দু’জনেই মেনে নিলেন চেস ফর ইয়ুথ বাংলার দাবা সংস্কৃতিতে একটা জোয়ার নিয়েছে।
এবারের চেস ফর ইয়ুথে অংশ নিচ্ছে মোট ৬৮৪ জন প্রতিযোগী। মোট সাতটি গ্ৰুপে ভাগ করে হচ্ছে এই টুর্নামেন্ট। তাঁর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-৬, ৮, ১০, ১২, ১৪, ১৬ ও প্রিমিয়ার। এবার প্রিমিয়ারে খেলছেন আর এক বাঙালি গ্ৰ্যান্ডমাস্টার কৌস্তব চট্টোপাধ্যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
