Cart Total Items (0)

Cart

All Sports India
আর প্রজ্ঞানান্ধা

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এর দাবা প্রতিযোগিতায় তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধার উপর সবচেয়ে বেশি আস্থা রাখছে ভারত। কারণ সম্প্রতি বিশ্বকাপে তাঁর কৃতিত্বের পর এশিয়াডে পদক জেতার লক্ষ্যে থাকবেন তিনি। ১৮ বছর বয়সী প্রজ্ঞানন্ধা দলগত ইভেন্টে খেলার জন্য দলের সব থেকে শক্তিশালী খেলোয়াড়, সঙ্গে জিএম ডি গুকেশও রয়েছেন, যারা ভারতকে স্বর্ণপদক এনে দিতে পারেন। তাদের সঙ্গে ফর্মে রয়েছেন পি হরিকৃষ্ণ, ভিদিত গুজরাঠি এবং অর্জুন এরিগাইসির মতো অভিজ্ঞ দাবাড়ুরা। যাঁদের সাহায্যে প্রজ্ঞানন্ধারা ভারতকে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

ব্যক্তিগত ইভেন্টটি র‍্যাপিড ফর্ম্যাটে খেলা হবে এবং একইসঙ্গে রবিবার থেকে শুরু হবে দলগত ইভেন্টও। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে গুজরাঠি এবং এরিগাইসি ভারতের প্রতিনিধিত্ব করবেন। মহিলাদের বিভাগে খেলবেন কোনেরু হাম্পি এবং ডি হারিকা।

মহিলাদের মধ্যে দেশের শীর্ষ খেলোয়াড় হাম্পি, এশিয়ান গেমসে দু’বার স্বর্ণপদক জয়ী, এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ তিনিই। কারণ দীর্ঘ ১৩ বছর পর মহাদেশীয় ইভেন্টে দাবা ফিরে এসেছে ফলে আরও একটি পদক জেতার লক্ষ্যে থাকবেন হাম্পি।

প্রজ্ঞানন্ধা, যিনি বিশ্বের শীর্ষ দাবা তারকা ম্যাগনাস কার্লসেনের কাছে বাকুতে হেরে গিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালে, তাঁর থেকে আশা করা হচ্ছে তিনি হ্যাংঝৌতে কোনও ম্যাজিক দেখাবেন এবং ভারতকে সোনা জেতাতে সাহায্য করবেন।

গুকেশ, বর্তমানে শীর্ষস্থানীয় ভারতীয় দাবাড়ু, তাঁর ঝুলিতে যে এশিয়ান গেমস পদক আসবে তা নিয়ে নিশ্চিত অনেকই। দলের ভাগ্যের চাবিকাঠি হবেন তিনি। ভিদিত গুজরাঠি, এরিগাইসি এবং পি হরিকৃষ্ণরা শক্তিশালী পুরুষ দলের অন্যান্য সদস্য এবং তাদের থেকেও যথারীতি পদক জয়ের আশা রাখা হচ্ছে।

যদিও হাম্পি এবং হারিকা ব্যক্তিগত ইভেন্টে চিনা দাবাড়ুদের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। যদি এই দুই অভিজ্ঞ তারকা সেই ম্যাচে আশানুরূপ খেলতে পারেন তবে দলগত ইভেন্টে ভারতের পদকের দৌড়ে তাদের জায়গা পাকা হতে পারে।

দলের অন্যতম কোচ এন শ্রীনাথের মতে, চিন এবং উজবেকিস্তানের সঙ্গে ব্যক্তিগত এবং দলগত উভয় ইভেন্টেই কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে তিনি জানান, ভারতের প্রস্তুতিও ভাল হয়েছে।

ব্যক্তিগত ও দলীয় প্রতিযোগিতায় মোট ন’টি রাউন্ডের খেলা হবে। গেমসে দাবাতে চারটি স্বর্ণপদক রয়েছে। মহিলাদের দল ও ব্যক্তিগত খেলায় এবং পুরুষদের দল ও ব্যক্তিগত সব মিলিয়ে মোট চারটি স্বর্ণপদক রয়েছে৷

ভারতীয় পুরুষ দল: ডি গুকেশ, ভিদিত গুজরাঠি, অর্জুন এরিগাইসি, পি হরিকৃষ্ণ এবং আর প্রজ্ঞানন্ধা।

ভারতীয় মহিলা দল: কোনেরু হাম্পি, ডি হারিকা, আর বৈশালী, ভান্তিকা আগরওয়াল এবং বি সাবিতা শ্রী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *