Cart Total Items (0)

Cart

All Sports
চেস ফর ইয়ুথ

অলস্পোর্ট ডেস্ক: আগামী ২৫ থেকে ২৮ অগস্ট, আইসিসিআর-এ আবার বসতে চলেছে চেস ফর ইয়ুথ -এর আসর। শুরু হয়ে গিয়েছে এই রাজকীয় যজ্ঞের প্রস্তুতি পর্ব। ছ’বছরের বিরতির পর বহু নতুন দাবাড়ুকে দাবার মঞ্চে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একটা দীর্ঘ বিরতির পর  কোনও কিছু আবার নতুন করে শুরু করার কাজটা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। এই চেস ফর ইয়ুথের অন্যতম মুখ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

এক যুগ টানা চলেছে এই চেস ফর ইয়ুথ টুর্নামেন্ট। যে টুর্নামেন্ট বাংলাকে এনে দিয়েছে একাধিক সাফল্য। এই টুর্নামেন্ট থেকে উত্থান হয়ে আজ অনেকেই গ্র্যান্ডমাস্টার। মাঝ খানের বিরতি কাটিয়ে আবার সেই লক্ষ্যেই হাঁটতে চান আয়োজকরা। লক্ষ্য রাজ্য তথা পুরো দেশের আনাচ কানাচ থেকে তুলে আনা নতুন প্রতিভা। দিব্যেন্দু বড়ুয়া বলছিলেন, ‘‘অনেকদিন পর কিছু করতে গেলে একটা টেনশন থাকেই। তবে আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী আগের মতই সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।’’

এর মধ্যেই দাবা নিয়ে আশার কথা শোনালেন তিনি।  অতিমারীর কারণে অন্য খেলা সমস্যায় পড়লেও দাবার জনপ্রীয়তা কিন্তু বেড়েছে এই সময়। অনলাইনে খেলার সুবিধা থাকায় অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী দাবার সঙ্গে যুক্ত হয়েছে। ঘরে আটকে থাকার সময় ছেলে-মেয়েদের মোবাইল আসক্তি দাবা খেলায় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে অনেক বাবা-মা। যার ফলে এবারের চেস ফর ইয়ুথ-এর আসরে প্রতিযোগী সংখ্যা অনেক বেশি থাকবে বলেই মনে করছেন দিব্যেন্দু। তিনি বলছিলেন, ‘‘হাজারের কাছাকাছি প্রতিযোগী অংশ নেয় প্রতিবছর এই টুর্নামেন্টে। বিশেষ করে সব থেকে ছোটদের যে গ্রুপ যেমন অনূর্ধ্ব-৬-এর কোটায় প্রতিবছর প্রায় শ’য়ের কাছাকাছি ছেলে-মেয়ে থাকে। আর সেটা আরও বেশি ভাল লাগা তৈরি করে। এরাই ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হবে।’’

এভাবেই উঠে এসেছেন, মিত্রাভ, দীপ্তায়নরা। এভাবেই তৈরি হবেন আরও অনেক অনেক দিব্যেন্দু, সূর্যশেখর, সন্দীপন। বাংলায় এই মুহূর্তে রয়েছেন ১১ জন গ্র্যান্ডমাস্টার। সেই তালিকা যে ভবিষ্যতে দীর্ঘায়িত হবে তা নিয়ে কোনও সংশয় নেই। এই সেই দীর্ঘ করার পিছনে বড় ভূমিকা থেকে যাবে ‘চেস ফর ইয়ুথ’এর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *