Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: টাটা স্টিল দাবা ২০২৬-এর শেষ দিন ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ব্লিৎজের শেষ ৯ রাউন্ডের। শনিবার প্রথম ৯ রাউন্ডের শুরুটা দাপটের সঙ্গে করলেও শেষে ওয়েসলি সো-এর কাছে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন ভারতের অর্জুন এরিগাইসি। ঘুরে দাঁড়ানোর জন্য রবিবারের শেষ ৯ রাউন্ডে ছিল খুবই গুরুত্বপূর্ণ। যেখানে শুরুতে অর্জুনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসেন ভারতেরই নিহাল সারিন। তবে শীর্ষস্থান থেকে সরানো যায়নি আমেরিকার ওয়েসলিকে।

এদিন দশম রাউন্ড দিয়ে দিনের শুরুতে জয় তুলে নিয়েছিলেন অর্জুন, প্রজ্ঞানানন্ধা। ভিদিতকে হারিয়ে জেতেন ওয়েসলিও। ১১তম রাউন্ডে ড্র করে আবারও পিছিয়ে পড়েন অর্জুন। জয় ধরে রাখেন ওয়েসলি। আধা পয়েন্টে পিছিয়ে থাকা নিহাল এই রাউন্ডে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে উঠে আসেন দ্বিতীয় স্থানে। ১২তম রাউন্ডে ওয়েসলির ড্র-কে কাজে লাগানোর সুযোগ ছিল অর্জুনের কাছে কিন্তু সেই সুযোগ কাজে লাগান নিহাল সারিন অর্জুনকে হারিয়ে।

১৩তম রাউন্ডে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পান অর্জুন। ওয়েসলি বনাম নিহাল ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় স্থান ফিরে পান অর্জুন। প্রজ্ঞানানন্ধা, ভিদিতের জয়ে টেবিলে এক নম্বর ছাড়া দুই থেকে ছয় ছিল ভারতেরই দখলে। ১৪তম রাউন্ডে কয়েক সেকেন্ডের জন্য দু’বার বিদ্যুৎ বিভ্রাটে খেলা সাময়িক থমকে যায়। তার মধ্যেই অরবিন্দ চিথাম্বরমকে হারিয়ে জয় তুলে নেন অর্জুন। হারের মুখে দেখতে হয় নিহালকে। আনন্দ আটকে দেন ওয়েসলিকে। যার ফলে অর্জুনের সঙ্গে ব্যবধান পয়েন্ট পাঁচে নেমে আসে।

১৫তম রাউন্ডে আবার দেখা গেল অর্জুন-ওয়েসলি দ্বৈরথ। এর আগে ষষ্ঠ রাউন্ডে সাক্ষাৎ হয়েছিল দু’জনের, যেখানে হারের মুখ দেখতে হয়েছিল অর্জুনকে। এবার ছিল বদলার পালা। কিন্তু ড্র-তেই সন্তুষ্ট থাকতে হল চ্যাম্পিয়নশিপের দুই অন্যতম দাবিদারকে। ১৬তম রাউন্ডে অরবিন্দের সঙ্গে ড্র করে সুযোগ করে দিয়েছিলেন ওয়েসলি কিন্তু হতাশ করলেন অর্জুন, নিম্যানের কাছে হেরে গেলেন। ব্যবধান দাঁড়াল এক পয়েন্টের। নিহাল, ভিদিতের মধ্যে ম্যাচটিও ড্র হল। তিন ও চার নম্বরে জায়গা করে নিলেন তাঁরা।

শেষ দুই রাউন্ড ছিল টান টান উত্তেজনার। কারণ প্রথম পাঁচজন একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন। ১৭তম রাউন্ডে ড্রয়ের সঙ্গে সবার আগে খেলা শেষ করলেন আনন্দ আর ভিদিত। আর গুরুত্বপূর্ণ সময়ে প্রজ্ঞানানন্ধার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়লেন অর্জুন এরিগাইসি। হারলেন নিহাল ও। ড্র করে আরও খানিকটা এগিয়ে গেলেন ওয়েসলি।

১২ পয়েন্ট নিয়ে ওয়েসলি, ১০.৫ পয়েন্ট নিয়ে অর্জুন, ১০ পয়েন্ট নিয়ে নিহাল সারিন ও ৯.৫ পয়েন্ট নিয়ে ভিদিত ফাইনাল রাউন্ড খেলতে নেমেছিলেন। যেখানে ওয়েসলিকে হারিয়ে অর্জুনের জন্য জয়ের রাস্তা খুলে দিলেন প্রজ্ঞানানন্ধা। কিন্তু ভিদিতের সঙ্গে ড্র করে তিন নম্বরে নেমে গেলেন তিনি। জিতে দু’য়ে উঠে এলেন নিহাল সারিন। শেষ রাউন্ড জিতলেন আনন্দও। তবে ওপেন ব্লিৎজ ট্রফি নিয়ে গেলেন ওয়েসলি সো। তিনি শেষ করলেন ১২ পয়েন্টে, সেখানে নিহাল সারিন ও অর্জুন এরিগাইসি থামলেন ১১ পয়েন্টে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *