টাটা স্টিল দাবা টুর্নামেন্টের মহিলা প্রতিযোগীরা।
অলস্পোর্ট ডেস্ক: টাটা স্টিল দাবা টুর্নামেন্ট-এর ভারতীয় সংস্করণ পঞ্চম বছরে পা দিল। মেয়েদের অংশটি এই নিয়ে দ্বিতীয় বছর। বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে এই টুর্নামেন্টের বিস্তারিত ঘোষণা করা হল। মেয়েদের ইভেন্ট দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। দ্বিতীয় ভাগে হবে পুরুষদের ইভেন্ট। বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুন মহিলাদের টুর্নামেন্টের সেরা আকর্ষণ। এছাড়া পাঁচজন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার পুরুষদের টুর্নামেন্টে গুকেশ এবং প্রজ্ঞানন্ধার মতো ভারতীয় তারকাদের মুখোমুখি হবেন।
টাটা স্টিল চেস ইন্ডিয়ার পঞ্চম সংস্করণ ৩১ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাসা ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
শীর্ষ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারদের যোগদানের পাশাপাশি এই ইভেন্টে থাকবেন দেশের সেরা দাবা তারকা বিশ্বনাথন আনন্দ। তিনিই টুর্নামেন্টের মূল মুখ৷ আনন্দের উপস্থিতিতেই গত বছর এই টুর্নামেন্টে আলাদা করে মেয়েদের ইভেন্টটি যোগ করা হয়েছিল।
আজ, ভারতকে একটি দাবা পাওয়ার হাউস হিসাবে বিবেচনা করা হয়, যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই খেলায় পারদর্শী। পুরুষদের বিভাগে সমান পুরস্কার অর্থের সঙ্গে মহিলাদের টুর্নামেন্টের প্রবর্তন একটি আশাব্যঞ্জক পদক্ষেপ এবং একটি অসাধারণ উদ্যোগ বলে এটিকে ব্যাখ্যা করেছিলেন আনন্দ।
এদিন মেয়েদের টুর্নামেন্টের ড্র হয়। সেখানে নির্ধারিত হয় ১০ জন তারকা প্লেয়াদের মধ্যে কে খেলবেন কাঁর বিরুদ্ধে। এই তালিকায় দু’জন এমন প্রতিযোগী রয়েছেন যাঁরা এখনও ১৮-র গণ্ডি পার করেননি। একজনের বয়স ১৪ এবং একজন ১৩। যাঁরা দাবা বিশ্বের ভবিষ্যত। ভারতের দুই তারকা দাবাড়ু কোনেরু হাম্পি ও হারিকা যোগ দিয়েছেন এই টুর্নামেন্টে। রয়েছেন বিশ্বের শীর্ষ র্যাঙ্কে থাকা ওয়েনজুন, পোলিনা শুভালোভা, আনা উশেনিনা, ইরিনা ক্রুশ, ভন্তিকা আগরওয়াল, আর বৈশালী, নিনো বাতসাশিলি, সভিতা শ্রী।
দু’টি টুর্নামেন্ট: একটি মহিলাদের ইভেন্ট এবং একটি ওপেন ইভেন্ট।
টুর্নামেন্ট দু’টি ফর্ম্যাটে খেলা হবে: র্যাপিড এবং ব্লিৎজ।
সময়সূচী
মহিলাদের র্যাপিড টুর্নামেন্ট: ৩১ অগস্ট – ২ সেপ্টেম্বর
মহিলাদের ব্লিৎজ টুর্নামেন্ট: ৩-৪ সেপ্টেম্বর
পুরুষদের র্যাপিড টুর্নামেন্ট: ৫-৭ সেপ্টেম্বর
পুরুষদের ব্লিৎজ টুর্নামেন্ট: ৮-৯ সেপ্টেম্বর
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
