অলস্পোর্ট ডেস্ক: বয়স মাত্র ১১। নাগপুরের ছেলে বেদ ফাউর। দৃষ্টিশক্তিহীন। তবু এই বিস্ময় বালকের সাফল্য আটকে নেই। আর সেই জোরেই গ্রিসের ক্রেটের হারসনিসে অনুষ্ঠিত দৃষ্টিহীনদের ১৩ তম আইবিসিএ বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে বেদ।
ভারতের প্রতিনিধিত্ব করে ৯ রাউন্ডের সুইশ ফর্ম্যাট টুর্নামেন্টে ৬.৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে বেদ। ১৭ জন প্রতিযোগীর সঙ্গে লড়ে। পোল্যান্ডের মিচেল রাসিস সোনা জেতে ৭.৫ পয়েন্ট পেয়ে। সুইডেনের উইলিয়াম জোহানসন রুপো জিতেছে সমসংখ্যক পয়েন্ট পেয়ে।
বেদের এই ব্রোঞ্জ জয় কৃতিত্বের কারণ এই টুর্নামেন্টে সে অংশ নিয়েছিল ১২তম বাছাই হিসেবে। ১৭০০ রেটিং নিয়ে। এর আগে মার্চে সুপার হিরোস কাপে নিজের দক্ষতার প্রমাণ রেখেছিল বেদ। প্রিকোয়ার্টার ফাইনাল পর্যায়ে দর্শন ক্ষীরসাগরকে হারানোর পর কোয়ার্টারফাইনালে দর্পণ ইনানিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল সে।
বেদের এই সাফল্যের পিছনে একটি শক্তিশালী কোচিং টিম কাজ করে। চানক্য চেস অ্যাকাদেমির জিতেন্দ্র ঠাকরের গাইডেন্স নিয়ে খেলে। এছাড়া অনুশীলন করে চেস পাঠশালা অ্যাকাদেমিতে গ্রান্ডমাস্টার স্বপ্নিল ধোপাড়ে, শুভম লাকুদকরের সঙ্গে। হেল্পচেস ফাউন্ডেশন বেদের পাশে দাঁড়িয়েছে সবসময় তার দাবার যাত্রায় সাফল্য আনতে। ভুপিন্দার সিং তাকে ৫০ হাজার টাকা দেয়। এছাড়া ২০২৬ চেস অলিম্পিয়াড চলাকালীন বেদকে ১ লাখ চাকার সময় রাণা স্কলারশিপ দেওয়া হয়েছিল নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে।
গ্রিসের ক্রেটে ভারতীয় দলের সঙ্গে হাজির ছিলেন আইএম সত্যপ্রজ্ঞান। বেদ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, ‘বেদ একজন প্রতিভাবান খেলোয়াড়। কয়েকটা গেমে ওর জেতার খিদে আমাকে মুগ্ধ করেছে। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ জেতা সত্যি খুব কৃতিত্বের। ওর ভবিষ্যত উজ্জ্বল। আরও বড় ধরনের সাফল্য পাবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
