Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীরের প্রিয় সাপোর্ট স্টাফের অন্যতম, তাই হয়তো কলকাতা নাইট রাইডার্স ছেড়ে জাতীয় সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার সময় তাঁর প্রাথমিক শর্তই ছিল অভিষেক নায়ারকে তাঁর সাপোর্ট‌ স্টাফ হিসেবে ভারতীয় দলেও রাখা। তা মেনেও নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বছর ঘোরার আগেই ছন্দ পতন। রীতিমতো অপবাদ নিয়ে জাতীয় দল থেকে বিদায় নিতে হল অভিষেক নায়ারকে। তবে তার পর একদিনও বেকার বসে থাকতে হল না তাঁকে। কয়েক ঘণ্টার মধ্যেই যোগ দিলেন পুরনো দল কেকেআর-এ। সেই সময় গৌতম গম্ভীরকে আটকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন শাহরুখ খান। শোনা গিয়েছিল তাঁকে নাকি ব্ল্যাঙ্ক চেকও অফার করা হয়েছিল। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেননি শাহরুখ।

দলের সঙ্গে যোগ দিয়েই শনিবার ইডেন গার্ডেনে অনুশীলনে নেমে পড়লেন অভিষেক নায়ার। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় সাপোর্ট স্টাফদের একটা বড় অংশকে। কানাঘুঁষো তাঁদের বিরুদ্ধে বেশ কিছু কথাও উঠে আসছিল। যেমন ড্রেসিংরুমের খবর সংবাদ মাধ্যমকে জানানোর মতো অপরাধের কথাও শোনা যাচ্ছিল। আর একদিকে শোনা যাচ্ছিল, ভারতীয় দলে এত সাপোর্ট স্টাফের কোনও দরকার নেই, সে কারণেই সরানো হচ্ছে তাদের। সেই তালিকায় যেমন ছিলেন অভিষেক নায়ার তেমনই টি দিলীপ, সোহম দেশাইও ছিলেন তালিকায়। বৃহস্পিতবারই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই কেকেআর-এ ফিরলেন নায়ার।

২০১৮ থেকে তিনি কেকেআর-এর সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। তার উপস্থিতি সাফল্যও দিয়েছে দলকে। ভারতীয় ক্রিকেটার তুলে আনা থেকে তাঁদের তৈরি করা দলের জন্য, সামলাতেন অভিষেকই। সবাই জানে কেকেআর-এ ভারতীয়রা প্রভূত সাফল্য পেয়েছেন। যার পর তাঁরা জাতীয় দলেও ডাক পেয়েছেন। শুধু তাই নয়, একাধিক ভারতীয় ক্রিকেটার তাদের সাফল্যের জন্য অভিষেক নায়ারকেই এখনও কৃতিত্ব দেন। এমন একজন হাতছাড়া করতে চায়নি কেকেআরও। কিন্তু জাতীয় দলের ডাক ফেরাতে পারেননি তিনিও। কিন্তু তাঁকে আবার দলে ফিরিয়ে আনতে পেরে খুশি টিম কেকেআর।

গত মরসুমে এই সাপোর্ট স্টাফদের নিয়েই কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। সেই দলে কিছু পরিবর্তন হলেও, মূল দলকে ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। যার ফলে অভিষেকের মানিয়ে নিতে কোনও অসুবিধেই হবে না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও তাদের বিদায়ের কোনও খবর সরকারিভাবে দেওয়া হয়নি। যদিও‌ তার আগেই নায়ারের কেকেআর-এ যোগদান সেই দিকেই ইঙ্গিত করছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *