অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাটে ভাল রান করেও আচরণ বিধি লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। আইপিএলের গভর্নিং কাউন্সিলের শাস্তির বিধান অনুযায়ী অভিষেক শর্মার বিরুদ্ধে একটি ‘ডিমেরিট পয়েন্ট’ ছাড়াও ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা ধার্য হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অনায়াস জয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার অভিষেক ২১ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারিতে সাজানো ইনিংস খেললেও, ম্যাচে অভিষেকের অখলোয়াড়োচিত আচরণ আইপিএল গভর্নিং কাউন্সিলের নজর এড়ায়নি। যদিও ঠিক কোন ঘটনা বা আচরণের জন্য অভিষেককে শাস্তি পেতে হল , তা আইপিএলের সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়নি, তবে যে আর্টিকেল ২.৩র নিয়মে লেভেন ওয়ান অফেন্সের জন্য অভিষেকের শাস্তি হয়েছে, তা মূলত হয় ম্যাচ চলাকালীন ছাপার অযোগ্য মন্তব্য বা কটূক্তির জন্য।
আইপিএলের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কেকেআর ম্যাচে আচরণ বিধি লঙ্ঘনের জন্য লেভেন ওয়ান অফেন্সের কারণে অভিষেকের পক্ষে জমা হয়েছে এক ‘ডিমেরিট পয়েন্ট’। এব্যাপারে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত।’
যদিও লেভেল ওয়ান অফেন্স খুব বড় কোনও অপরাধ নয় আইপিএলের শৃঙ্খলার নিয়মে, তবে এরপর আবার ডিমেরিট পয়েন্ট জমা হলে বড়রকম শাস্তি, এমনকি নির্বাসনের মুখে পড়তে হবে অভিষেক শর্মাকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
