Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: গতকাল এশিয়া কাপ ২০২৩-এর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ থ্রিলারে পরিণত হয়েছিল। টানটান উত্তেজনা ছিল পুরো ম্যাচ জুড়ে। আফগানিস্তানের সামনে জেতার জন্য ছিল ২৯২ রানের লক্ষ্য। তবে সেমিফাইনালে যেতে হলে এই রান তাঁদের ৩৭.১ ওভারে করতে হত। তবেই তাঁরা শ্রীলঙ্কার থেকে রানরেটে এগিয়ে চলে জেতেন সুপার ফোরে। কিন্তু লড়াই করেও শেষ রক্ষা হল না তাঁদের। ৩৭.৪ ওভারে ২৮৯ রানে সব উইকেট হারিয়ে ফেলে তাঁরা।

 কিন্তু ম্যাচ শেষের পর শুরু হয় বিতর্ক। আফগানরা জানান তাঁরা রান রেটের ব্যাপারে কিছু জানতেন না। বোর্ড থেকে সঠিক নিয়ম জানানো হয়নি তাঁদের। আফগানিস্তান ৩৭.১ ওভারে ২৯২ রান করার চেষ্টা করেছিল। কারণ তাঁরা জানতো এই ওভারের মধ্যে রানের লক্ষ্য পূরণ করতে পারলে তাঁরা মোট রান রেটে শ্রীলঙ্কার থেকে এগিয়ে চলে যাবে সুপার ফোরে। কিন্তু এ বিষয় তারা অবগত ছিল না যে ৩৭.১ ওভারে ২৯২ রান না করলেও তাঁদের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে পৌঁছানোর।

৩৭ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ছিল ২৮৯ রানে ৮ উইকেট। শ্রীলঙ্কার থেকে এগিয়ে সেমিফাইনালে যেতে হলে তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী এক বলে (৩৭.১) করতে হত তিন রান। যা কঠিন। তাই এরপর সঠিক নিয়ম না জানায় তাঁরা হাল ছেড়ে দেয়। শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিল্ভার বোলিং-এ আফগান ব্যাটার মুজিব উর রহমান বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যান। এরপরই নন-স্টাইকার এন্ডে থাকা রশিদ খান হাঁটু মুড়ে বসে পরেন মাঠে। তিনি ভেবেছিলেন এই টুর্নামেন্টে আফগানিস্তানের যাত্রা শেষ। কিন্তু তাঁর ভাবনা সঠিক ছিল না।

কিন্তু পরে তাঁরা জানতে পারে ৩৭.১ ওভারের পরেও, ৩৭.২ ওভারে ২৯৩ রান, ৩৭.৩ ওভারে ২৯৪ রান, ৩৭.৪ ওভারে ২৯৫ রান, ৩৮ ওভারে ২৯৬ রান বা ৩৮.১ ওভারে ২৯৭ রান করলেও শ্রীলঙ্কার থেকে রানরেটে এগিয়ে যেত তাঁরা। খেলা শেষে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথান ট্রট জানান তাঁদেরকে সম্পূর্ণ নিয়মের ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। ‘‘আমরা এই হিসেবের ব্যাপারে কিছু জানতাম না। আমরা সবাই জানতাম ৩৭.১ ওভারের মধ্যে আমাদের লক্ষ্যপূরণ করতে হবে। তারপরেও কোন ওভারে ২৯৫ বা ২৯৬ রান করলে আমরা এগিয়ে যাব তা আমাদের বলা হয়নি। ৩৮.১ ওভার পর্যন্ত আমাদের হাতে সুযোগ আছে তা আমরা জানতাম না,” বলেন তিনি।

 তবে এশিয়া কাপ থেকে নিজেদের দল ছিটকে যাওয়ার জন্য এটাকে একমাত্র কারণ হিসেবে দায়ী করতে নারাজ আফগান কোচ ট্রট। তিনি বলেন, ‘‘আমি মনে করি না আমাদের হেরে যাওয়ার জন্য এই একটা কারণ দায়ী। অনেক জায়গায় আমরা আরও ভাল খেলতে পারতাম এবং সেটা আজকের ম্যাচেও এবং আগে বাংলাদেশের বিপক্ষেও। আমরা খেলায় অনেক ভুল করেছি যার দাম আমাদের দিতে হয়েছে। এটা আরও ভাল হত যদি আমরা কম রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দিতে পারতাম। কিন্তু যেটা হয়েছে এটা হওয়ার ছিল না।“

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *