অলস্পোর্ট ডেস্ক: ওমানের অধিনায়ক যতিন্দর সিং ম্যাচ-পরবর্তী একটি মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তাঁর ভারতীয় প্রতিপক্ষ সূর্যকুমার যাদব তাদের শিবিরে গিয়ে ওমানের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। চলতি এশিয়া কাপে শেষ গ্রুপ পর্বের খেলায়, ওমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমানে সমানে লড়াই করে প্রায় লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ২১ রানে হারতে হয়। ১৮৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের অভিজ্ঞতার কাছে হারতে হয় ওমানকে।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনার আগে যখন দুই দলের প্লেয়াররাই মাঠের মধ্যেই বিশ্রাম করছেন তখন সূর্যকুমার ওমানের শিবিরে পৌঁছে যান। তা দেখেই ওমানের ক্রিকেটাররা রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে পুরো দল তাঁকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। সূর্যকুমারকে দেখা যায় তাঁদেরকে কিছু টিপস দিতে। বেশ অনেকটা সময় পর্যন্ত তিনি একাই বলে যান, বাকিরা মন দিয়ে তাঁর কথা শোনেন। এই মুহূর্তটি আসলে এক কথায় স্পোর্টসম্যান স্পিরিটের সর্বোচ্চ উদাহরণ হয়ে থেকে যাবে ক্রীড়া বিশ্বে।
যেখানে সূর্যকুমার তাঁদের সঙ্গে সেলফি তোলেন, অটোগ্রাফও দেন। এই ওমানের মাটিতেই কিছুদিন পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে খেলতে নামবে ওমান। তার আগে ভারতের বিরুদ্ধে তাদের এই পারফর্মেন্স আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিত। সঙ্গে সূর্যকুমারের টিপস তো থাকছেই। যা পুরো দলকে মুগ্ধ হয়ে শুনতে দেখা যায়। অনেকে আবার ভারত অধিনায়ককে উদ্দেশ্য করে প্রশ্নও ছুঁড়ে দেন।
“খুব কৃতজ্ঞ যে তিনি এসে ছেলেদের সাথে কথা বলেছেন। তিনি টি-টোয়েন্টি কীভাবে খেলতে হবে তা নিয়ে কথা বলছিলেন। সবাই প্রশ্ন করছিল যাতে খেলোয়াড়দের চিন্তাভাবনার স্বচ্ছতা থাকে। তিনি আমাদের দলের অনেক প্রশংসা করেন,” ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমান অধিনায়ক যতীন্দ্র বলেন।
শুধু কি সূর্যকুমারকে ওমানের ক্রিকেট মুগ্ধ করেছিল? তাঁর পাশাপাশি ওমানের খেলায় মুগ্ধ ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন ওমান অধিনায়ক তাঁর মুখোমুখি হন তখন তিনিও তাঁর আবেগ ওমান দলের জন্য ধরে রাখতে পারেননি। তিনি দলের অধিনায়ক যতীন্দ্রকে বলেই ফেলেন, ‘‘তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।’’ যতীন্দ্র সঙ্গে সঙ্গেই সময় না দিয়ে মঞ্জরেকরকে জড়িয়ে ধরেন। যে দৃশ্য দেখে পুরো গ্যালারিতে হাততালিতে ফেটে পড়ে।
এর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় সূর্যকুমার মন খুলে ওমানের খেলার প্রশংসা করতে দ্বিধা করেননি এবং বলেন, “ওমান অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ ছিল, তাদের ব্যাটিং দেখতে সত্যিই ভালো লেগেছে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
