অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এর সূচি ঘোষণা হয়ে গেল। ৩০ অগস্ট পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচটি খেলা হবে পাকিস্তানের মুলতানে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে এবারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিজ মডেলে। কিছু ম্যাচ হবে পাকিস্তানে আর বেশিরভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কায়। দুটো গ্রুপে ভাগ করে হবে এশিয়া কাপ। গ্রুপ-এ-তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
পুরো টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তানের। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর খেলবে দুই রাইভাল দেশ। ভারতের দ্বিতীয় ম্যাচ নেপালের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে ৫ সেপ্টেম্বর।
সুপার ফোরের একটি ম্যাচই হবে পাকিস্তানের লাহৌরে। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। সুপার ফোরের ম্যাচ শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর ফাইনালের আসর বসতে চলেছে শ্রীলঙ্কাতেই।
এই সিরিজ হওয়া নিয়ে দুই দেশের টানাপড়েনে রীতিমতো সমস্যায় পড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতকে পাকিস্তানে গিয়ে খেলার ছাড়পত্র দেবে না দেশের সরকার। অন্যদিকে এবারের এশিয়া কাপের আয়োজন যে পাকিস্তান করবে তা দীর্ঘদিন ধরেই নির্ধারিত হয়ে রয়েছে। এই অবস্থায় দুই দেশকে এক ছাতার তলায় আনতে কম বেগ পেতে হয়নি কাউন্সিলকে। শেষ পর্যন্ত সব মিটে যাওয়ায় সূচি ঘোষণা করা সম্ভব হল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
