Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক:  ধারে ভাড়ে প্রথম থেকেই এগিয়ে ছিল পাকিস্তান। এই জয় প্রত্যাশিতই ছিল। নেপালের তরফে কোনও লড়াইয়ের মুখেই পড়তে হল না পাকিস্তানকে। এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে মুলতানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেপাল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৪২ রানের পাহাড় তৈরি করে আয়োজক দেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রান করে অলআউট হয়ে যায় নেপাল। ২৩৮ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এখানে মনে করিয়ে দেওয়া ভাল, এই মুহূর্তে একদিনের ক্রিকেট বিশ্বের এক নম্বর দল পাকিস্তানই।

এদিন পাকিস্তানের হয়ে ওপেনিংটা মোটেও ভাল হয়নি। দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক ১৪ ও পাঁচ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন স্বয়ং ক্যাপ্টেন বাবর আজম। তাঁর দুরন্ত ইনিংস আর চার নম্বরে নামা মহম্মদ রিজওয়ালের অসাধারণ সঙ্গত পাকিস্তানের ভিত মজবুত করে দেয়। বাবরের ব্যাট থেকে আসে ১৩১ বলে ১৫১ রান। ১৪টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। রিজওয়ান করেন ৪৪ রান।

বাবরের তৈরি করা মঞ্চে তাঁরই দেখানো পথে দুরন্ত ব্যাটিং করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন ইফতিখার আহমেদ। মাঝে আঘা সলমন মাত্র পাঁচ রানে আউট হওয়ার পর ইফতিখার নামেন ক্রিজে। তখনও মাঠে রয়েছেন অধিনায়ক। এবার শুরু হয় ইফতিখারের ব্যাট। সবাইকে ছাঁপিয়ে যান তিনি। মাত্র ৭১ বলে ১১টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানকে আটকানোর কোনও টোটকা জানা ছিল না নেপাল বোলারদের।

রানের পাহাড়ের সামনে মানসিকভাবে প্রথম থেকেই পিছিয়ে পড়েছিলেন নেপাল ব্যাটাররা। ব্যাট হাতে শুরু থেকেই তার প্রভাব পড়ল ক্রিজেও। নেপালের রানের তালিকা এরকম, ৮, ৫, ০, ২৬, ২৮, ১৩, ৩, ৬, ০, ৭, ০। মাত্র ২৩.৪ ওভারে ১০৪ রানই তুলতে পারেন তাঁরা। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাদাব খান। দুটো করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। একটি করে উইকেট নেন নাসিম শাহ ও মহম্মদ নওয়াজ। ম্যাচের সেরা হয়েছেন বাবর আজম।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *