অলস্পোর্ট ডেস্ক: আবার বৃষ্টির তাণ্ডব। আবার প্রকৃতি বেছে নিল এশিয়া কাপ ২০২৩-এর সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচকেই। এর মাঝে আর কোনও ম্যাচই বৃষ্টির জন্য পুরো ভেস্তে যায়নি। কিন্তু সেই প্রোকপ আবার ফিরে এল এই ম্যাচে। লিগ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে ভারত ব্যাট করতে পারলেও পাকিস্তান আর ব্যাট করতে নামতে পারেনি। কিন্তু এবার ভারতের ব্যাটিংই শেষ করা সম্ভব হল না। দীর্ঘ সময় দেখার পর ম্যাচ চলে গেল রিজার্ভ ডে-তে। শুক্রবারই এই ম্যাচের জন্য বিশেষ করে রিজার্ভ ডে-র কথা ঘোষণা করেছিল এসিসি। যা নিয়ে বিতর্ক থাকলেও বহাল রাখা হয়েছে সেই সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত ম্যাচ পৌঁছে গেল রিজার্ভ ডে-তে। ভারতীয় সময় রাত ৮.৪২ মিনিটে এই দিনের খেলা বাতিল করে দিলেন আম্পায়াররা। সোমবার ২৪.২ ওভার থেকে ব্যাট শুরু করবে ভারত।
এই রিজার্ভ ডে খেলার পর ভারতকে বেশ কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হচ্ছে। কারণ, ১০ সেপ্টেম্বর খেলার পর আবার ১১ সেপ্টেম্বর ভারতকে খেলতে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। আবার ১২ সেপ্টেম্বর রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। যার ফলে ভারতকে তিনদিন পর পর ম্যাচ খেলতে হবে এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর পর্বে। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিস পাকিস্তান। প্রথমে ব্যাট করে বৃষ্টির জন্য যখন ম্যাচ বন্ধ হয় তখন ভারত ১৪৭-২-এ ব্যাট করছিল। ক্রিজে ছিলেন লোকেশ রাহুল (১৭) ও বিরাট কোহলি (৭)। তাঁর আগে ওপেন করতে নেমে রোহিত শর্মা ৫৬ ও শুভমান গিল ৫৮ রান করে আউট হন। উইকেট দু’টি নেন শাদাব খান ও শাহীন আফ্রিদি। ২৪.১ ওভারে ম্যাচ বন্ধ হয়ে যায়। রবিবার যেখানে শেষ হল সেখান থেকেই আবার খেলা শুরু হবে সোমবার।
ভারতীয় সময় বিকেল ৪.৫২ মিনিট নাগাদ শুরু হয় বৃষ্টি। এত হঠাৎ করে বৃষ্টি জোড়ে চলে আসায় গ্রাউন্ড স্টাফদের রীতিমতো বিপদে পড়তে হয় পিচ ঢাকতে। পাকিস্তান প্লেয়ার ফখর জামানকে দেখা যায় গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কভার টানতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। খেলা না হলেও এই দৃশ্য মন জিতে নেয় গোটা দুনিয়ার। মাঝে বার কয়েক বৃষ্টি থামার ইঙ্গিত দিলেও তা থামেনি। কভার সরানোর চেষ্টা করতেই আবার ফিরে আসে বৃষ্টি। তবে মনে করা হয়েছিল ওভার কমিয়ে খেলা শুরু কর যাবে। রাত ন’টা পর্যন্ত ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারে নিয়ে যাওয়ার কথা হয়েছিল কিন্তু বৃষ্টি থামার কোনও ইঙ্গিত না পেয়ে কিছু আগেই দিনের খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাঝে বৃষ্টি থামলেও মাঠের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই নিয়ে দুই অধিনায়কের সঙ্গে আলোচনাও করতে দেখা যায় আম্পায়ারদের। কিন্তু মাঠের পরিস্থিতি দেখে কেউ খেলার সাহস নেয়নি। ভেজা মাঠে চোট-আঘাতের সমস্যা দেখা দিতে পারে। এর পর ১০.৩৬-এ খেলা শুরু হলে ২০ ওভারে হওয়া সম্ভব ছিল। কিন্তু সেই পরিস্থিতিও নেই বলে জানা গিয়েছে। সে কারণে ৮.৩০ নাগাদ আবার বৃষ্টি শুরু হলে আর সময় নষ্ট করেনি আম্পায়াররা। খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
