ছবি—সূর্যকুমার যাদবের এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে অদ্ভুত দৃশ্যগুলির মধ্যে একটি হয়ে থাকবে রবিবারের এশিয়া কাপ ২০২৫ ফাইনাল। ভারত এশিয়া কাপ উদযাপন করল ঠিকই কিন্তু ট্রফি ছাড়াই। যা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন সূর্যকুমাররা। জানাই ছিল এসিসি-র চেয়ারম্যান হিসেবে ট্রফি দেবেন মহসিন নকভি। এবং তাঁর হাত থেকে ট্রফি নেবে না ভারত। যার ফল তাদের এশিয়া কাপ জয়ের মঞ্চে ঐতিহ্যবাহী বিজয় প্রতীক ছাড়াই উদযাপন করল ভারতীয় দল। কোনও খেলোয়াড়ই তাদের গলায় পদক পরেননি এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেননি। তবে তাতে কী? ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পুরো দল ও সাপোর্ট স্টাফদের জন্য ঘোষণা হয়ে গেল বিপুল পুরস্কার মূল্য।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভির কাছ থেকে এশিয়া কাপ নিতে আগেই অস্বীকার করেছিল, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। দুই দেশের মধ্যে উত্তেজনা এবং পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও নকভি, সব মিলে ভারত যে এই অবস্থান নেবে তা নিশ্চিতই ছিল। আর তখনই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে বিসিসিআই ঘোষণা করে দিল ২১ কোটি টাকার পুরস্কার মূল্য।
এশিয়া কাপ ফাইনালের দিন ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান হয়তো এই কারণেই এক ঘন্টারও বেশি বিলম্বিত হয়। এতটাই দেরিতে শুরু হয় যে স্টেডিয়ামই ফাঁকা হয়ে যায়। ধারাভাষ্যকরদেরও গলায়ও বিরক্তি স্পষ্ট ছিল। রবি শাস্ত্রী, ওয়াসিম আক্রম ও সঞ্জয় মঞ্জরেকর সঞ্চালিকার কাছে জানতে চান কেন অনুষ্ঠান শুরু হচ্ছে না। যদিও দীর্ঘ এক ঘণ্টা পর তা শুরু হয় এবং সেটা ছিল এতটাই নাটকে ভরা।
ভারতীয় দল জানিয়ে দিয়েছিল যে তারা মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না। নকভি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের সভাপতি, আমিরশাহী ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি এবং স্পনসরদের প্রতিনিধি সহ আটজন বিশিষ্ট ব্যক্তি ভারতীয় খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছিলেন মেডেল দেওয়ার জন্য। যখন স্পষ্ট হয়ে যায় যে দল ট্রফি গ্রহণ করবে না, তখন বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চ ছেড়ে চলে যান এবং ঘোষণা করেন যে ভারত আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
তাদের চলে যাওয়ার পরই ভারতীয় দল মঞ্চে ফিরে আসে। বিজয় সঙ্গীত বেজে ওঠে এবং খেলোয়াড়রা জয় উদযাপন করেন। ট্রফি বা পদকের জন্য কোনও হতাশা ছিল না ভারতীয় প্লেয়ারদের মধ্যে। বরং আনন্দের সঙ্গেই তাঁরা ট্রফি ছাড়া স্টেডিয়াম ছাড়েন। এর পর সূর্যকুমার যাদব তাঁর প্রোফাইলে সেই সেলিব্রেশনের কিছু ছবি পোস্ট করলেন যেখানে ট্রফির ছবি আলাদা করে বসানো ছিল। সেখানে তিনি লেখেন, ‘‘বিশেষ জয়, বিশেষ দল, প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই ইউনিটের অংশ হতে পেরে কৃতজ্ঞ। এশিয়া কাপ চ্যাম্পিয়ন।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
