অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর সব থেকে হাইপ্রোফাইল ম্যাচ তো বটেই। সঙ্গে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা। আসলে এই রাজনৈতিক উত্তেজনাই এই ম্যাচকে আরও আকর্ষনীয় করে তোলে বার বার। এবারও তার অন্যথা হল না। এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। যা রবিবার হয়ে গেল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে পাকিস্তানকে সহজেই ৭ উইকেটে হারিয়ে গ্রুপ শীর্ষে জায়গা করে নিল ভারত। যে ক্রিকেটারদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছিল, কেন তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন, বা কেন পহেলগাম হামলা নিয়ে কোনও মন্তব্য করছেন না কেউ, সেই সবের জবাব একটা ম্যাচেই দিয়ে দিলেন সূর্যকুমাররা। পহেলগাম হামলার বদলা হয়তো এভাবেই নিলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ওদের অস্ত্র তো এটাই।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে তোলে পাকিস্তান। একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের গন্ডি পার করতে পারবে না পাকিস্তান। কিন্তু প্রথমে সাহিবজাদা ফারহান ও শেষে শাহিন শাহ আফ্রিদির ব্যাটে রান ১০০-র গন্ডি পার করতে সক্ষম হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। এদিন ওপেনার সাইম আয়ুব কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার সাহিবজাদা ৪০ রানের ইনিংস খেলেন। এর পর মহম্মদ হ্যারিস ৩, ফখর জামান ১৭, সলমন আঘা ৩, হাসান নওয়াজ ৫, মহম্মদ নওয়াজ ০, ফাহিম আশরফ ১১, সুফিয়ান মুকিম ১০ রান করে প্যাভেলিয়নে ফেরেন। ৩৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। আবরার আহমেদকে শেষবেলায় নেমে কোনও বলের মুখোমুখি হতে হয়নি।
এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপট বজায় ছিল। সবাইকে চমকে দিয়ে হার্দিক পাণ্ড্যেকে দিয়ে বোলিং শুরু করেন অধিনায়ক সূর্যকুমার যাদব, সঙ্গে যশপ্রীত বুমরাহ। প্রথম দুই ওভারে দু’জনেই তুলে নেন উইকেট। যার ফলে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তানের ব্যাটিং। হার্দিকের ১ ও বুমরাহর ২ উইকেট ছাড়া ৩ উইকেট নেন কুলদীপ যাদব, ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। এক ওভার বল করলেও উইকেট আসেনি অভিষেক শর্মার ঝুলিতে।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। তবে ১৫.৫ ওভারে ১৩১-৩ করে শেষ হাসি হাসল মেনস ইন ব্লুরাই। মাত্র ১০ রানে ফিরে যান ওপেনার শুভমান গিল। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে আরও বেশ কিছুটা সময় ক্রিজে কাটান আর এক ওপেনার অভিষেক শর্মা। ৩১ রানে তিনি ফেরেন প্যাভেলিয়নে। তিনি মাত্র ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তিলক ভার্মাও ৩১ রান করে ফেরেন। তবে ৪১-২ থেকে ভারতের রানকে ৯৭-৩-এ নিয়ে যান সূর্যকুমার ও তিলক ভর্মা। ভারতের প্রথম তিন উইকেটই তুলে নেন সাইম আয়ুব। উল্টোদিকে তখন উইকেট ধরে রাখার লক্ষ্যে ছিলেন স্বয়ং অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রেকর্ড তেমন ভালো নয়। তবে এদিন যেন ক্যাপ্টেন্স নক দেখা গেল শেষ পর্যন্ত। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন। ৪৭ রানে সূর্যকুমার ও ১০ রানে শিবম দুবে অপরাজিত থাকলেন।
এদিন দুবাইয়ে বসবাসকারী ভারতীয় এবং পাকিস্তানিরা গ্যালারি ভরিয়েছিলেন ঠিকই কিন্তু অনেকটা অংশ ফাঁকাই থেকে গেল, যা ভারত-পাকিস্তান ম্যাচের অপ্রত্যাশিত দৃশ্য তো বটেই। তবে মাঠে অকারণ উত্তেজনা নয় বরং বেশ কিছু ভালো দৃশ্য তৈরি হল। পাশাপাশি বসে খেলা দেখল দুই দেশের সমর্থকরা। একজনের উচ্ছ্বাসে অন্যজনকে হতাশ হতে দেখা গেল। তবে কোনও কিছুই নিয়ন্ত্রণের বাইরে গেল না। যাবেই বা কী করে, দুবাই পুলিশ যে কড়া বার্তা দিয়ে রেখেছিল সমর্থকদের উদ্দেশে। এশিয়া কাপে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে ভারত, সেই যাত্রা বজায় থাকল। তবে যেটা আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেটা হল পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় ভুল রেকর্ড চালিয়ে দেওয়া। যা শুনে রীতিমতো অবাক হতে দেখা গেল মাঠে দাঁড়ানো পাকিস্তানের ক্রিকেটারদের। তবে দ্রুতই সেই ভুল শুধরে সঠিক জাতীয় সঙ্গীত বাজল দুবাইয়ের স্টেডিয়ামে। তবে ম্যাচের সুর শেষ পর্যন্ত থাকল ভারতেরই নিয়ন্ত্রণে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
