Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার লর্ডসে এক বিতর্কিত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে অ্যাশেজ ২০২৩-এ অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেল। শেষ দিন জনি বেয়ারস্টোকে বিতর্কিতভাবে স্টাম্পড আউট দেওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ১৫৫ রানের ইনিংস খেলেন। কিন্তু ইংল্যান্ড ৩৭১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৭ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৬৯ রান দিয়ে তিন উইকেট নেন।

শেষ দিন লাঞ্চের কিছুক্ষণ আগে বেয়ারস্টোর বিতর্কিত আউট লর্ডস জনতাকে রীতিমতো উসকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইংল্যান্ডের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের মধ্যে শেষ ছিলেন বেয়ারস্টো। ১০ রানে ব্যাট করছিলেন তিনি। ক্যামেরন গ্রিনের বাউন্সার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি হাতের তলা দিয়ে স্টাম্পে লাগাতেই আম্পায়ার আউট দেন। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক।

বেয়ারস্টো ভেবেছিলেন ক্রিজের পিছনে ব্যাট টোকা দিয়ে তিনি তাঁর জায়গা সুরক্ষিতই রেখেছেন। কিন্তু যেমনটা ভাবা তেমনটা হল না। কামিন্স আবেদন প্রত্যাহার করতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পৌঁছয় তৃতীয় আম্পায়ার মারাইস ইরাসমাসের কাছে, যিনি বেয়ারস্টোকে স্টাম্পড আউট নিশ্চিত করেন। ইংল্যান্ড তখন ১৯৩-৬।

‘হোম অফ ক্রিকেট’-এর দর্শকরা রীতিমতো প্রতিক্রিয়া জানাতে শুরু করে। সঙ্গে গোটা গ্যালারি জুড়ে বলতে শোনা যায়, “একই পুরানো অসি, সবসময় যারা প্রতারণা করে” – তার পর থেকে পুরো দিনই গ্যালারি থেকে এই মন্তব্য ভেসে আসে। যা অবস্থা, এই মন্তব্যে দৌঁড় তৃতীয় ম্যাচেও দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৬ রান তুলেছিলেন। ব্যাটিং তারকা স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ১১০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৮৮-১ করে ভাল জায়গায় ছিল। এর পর অনেকেই তাঁদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ৯৮ রানে বেন ডাকেট তার উইকেটটি হেলায় হারান। এক কথায় হুকিংয়ে ফাঁদে পড়ে ইংল্যান্ড ভাল জায়গা থেকে নিজেদের অবস্থান আরও কঠিন করে ফেলে।

টেস্ট সিরিজে ২-০ পিছিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের উদাহরণ নেই। ১৯৩৬-৩৭-এ অস্ট্রেলিয়া দল, ডন ব্র্যাডম্যানের দুরন্ত ব্যাটিংয়ে অ্যাসেজ ২-০ পিছিয়ে থেকে ৩-২-এ জিতেছিল। সেই রেকর্ড কি ইংল্যান্ড ভাঙতে পারবে?

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪১৬ (এস স্মিথ ১১০, টি হেড ৭৭, ডি ওয়ার্নার ৬৬; জে টং ৩-৯৮, ও রবিনসন ৩-১০০)

ইংল্যান্ড প্রথম ইনিংস ৩২৫ (বি ডাকেট ৯৮, এইচ ব্রুক ৫০; এম স্টার্ক ৩-৮৮)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৭৯ (ইউ খোয়াজা ৭৭; এস ব্রড ৪-৬৫)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস (বি স্টোকস ১৫৫, বি ডাকেট ৮৩; পি কামিন্স ৩-৬৯, এম স্টার্ক ৩-৭৯, জে হ্যাজলউড ৩-৮০)

ফলাফল: অস্ট্রেলিয়া ৪৩ রানে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *