অলস্পোর্ট ডেস্ক: কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম-কে। প্রথম থেকেই দলের খারাপ পারফর্মেন্স সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সব মিলে ঘরে বাইরে সর্বত্র প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছিল দেশে ফিরে অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি। শনিবাার শেষ পর্যন্ত অফিশিয়ালি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তা পরই দলের হেড কোচ মিকি আর্থার বাবর সম্পর্কে মুখ খুলেছেন। তিনি মনে করেন, বাবরের বয়স কম আর তার মধ্যেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে তাঁকে। এই সময় তাঁর পাশে একটা হাত দরকার আন্তর্জাতিক ক্রিকেট নামক এই যাত্রায়।
বাবর অধিনায়ক হওয়ায় তাঁর দিকেই স্বাভাবিকভাবে বেশি আঙুল উঠছে। তার মধ্য দলে অন্যতম ব্যাটার হয়েও রান না পাওয়াটাও বড় করে দেখা হচ্ছে। পুরো টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে একটিও সেঞ্চুরি আসেনি। তার মধ্যে দল নয়টির মধ্যে পাঁচটিতেই হেরেছে। শেষ ম্যাচে হারের পর মিকি আর্থার বলেন, “আমাদের দল এক আছে। আমি বাবরের পিছনে আছি। বাবর আমার খু কাছের। ওর বয়স কম, ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, ওকে রাস্তা দেখাতে হবে।”
বাবরের সমালোচনা হচ্ছে তাঁর সিদ্ধান্ত নিয়ে এবং জেতার খিদের অভাব নিয়ে। কোচ বলেন, “ও সব সময় এখনও শিখছে। আমরা জানি ও খুব ভাল ব্যাটসম্যান। ও প্রতিদিন ওর অধিনায়কত্ব থেকে শিখছে। ও উন্নতি করছে এবং আমাদের ওকে উন্নতি করার সুযোগ দেওয়া উচিত। আর সেটা করতে হলে ওকে ভুলও করতে দিতে হবে। ভল করাটা কোনও অপরাধ নয় যতক্ষণ তুমি শিখছ সেই ভুল থেকে। এই বিশ্বকাপে আমরা অনেক ভুল করেছি কিন্তু এই দলটি শিখছে এবং উন্নতি করছে। আমরা একটা দারুণ দল পেয়েছি।”
আর্থার বোঝানোর চেষ্টা করেছেন, সমালোচনা হবেই। বাইরে থেকে অনেক কিছু তোমাকে লক্ষ্য করে উড়ে আসবে কিন্তু সবাইকে শিখতে হবে কী করে সেই সময় কান বন্ধ করে রাখতে হয়। তিনি জানিয়েছেন এশিয়া কাপে নাসিম শাহ-র চোট আর তাঁর দলে না থাকাটা সঙ্গে হ্যারিস রউফের না থাকা দলের পেস আক্রমণকে দূর্বল করে দিয়েছিল। তিনি স্বীকার করে নিয়েছেন, দলের ব্যাটিংও ভাল হয়নি।
তিনি বলেন, “আমার মনে হয় না আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পেরেছি। আমি বিশ্বাস করি এই বিশ্বকাপের সেরা চার দলই এখন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আমি পাকিস্তানের জন্য ভাবি, পাকিস্তান ক্রিকেটে আমার হৃদয়ের খুব কাছে থাকে। আমি দলটাকে ভারসাম্য দিতে চাই, একটা স্ট্রাকচার দিতে চাই, প্লেয়ারদের ধারাবাহিক করে তুলতে চাই ওদের উন্নত করতে চাই। এই দলে অনেক যুব প্লেয়ার রয়েছে যাদের উপর হারের প্রভাব খুব বেশি পরিমাণে পড়েছে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
