রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বাবর আজম
অলস্পোর্ট ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য ভিসা নিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। ভিসা সমস্যা কাটিয়ে বুধবার ভারতের হায়দরাবাদে এসে পৌঁছল বাবররা। সাত বছর পর ভারতে খেলতে এল পাকিস্তান ক্রিকেট দল । শেষবার টি২০ বিশ্বকাপ খেলতে তাঁরা ভারতে এসেছিল।
পাকিস্তান দল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর তাদের স্বাগত জানানো হয়। বাবর আজম তাঁর স্যোশাল মিডিয়ায় সেই মুহূর্ত তুলে ধরেছেন।
বাবরদের দলের বেশিরভাগ ক্রিকেটাররাই প্রথমবার ভারতের মাটিতে ক্রিকেট খেলবেন। তাই একদিনের বিশ্বকাপে পরীক্ষার মুখে পড়তে পারে পাকিস্তান। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবররা।
ভারতে এসে বাবর আজম আঁর ইন্স্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে লেখেন, ‘‘হায়দরাবাদ থেকে ভালবাসা ও সমর্থন পেয়ে ধন্য।’’ পাকিস্তানে একটি সাংবাদিক বৈঠকে বাবর বলেছিলেন, ‘‘বিশ্বকাপের জন্য ভারতে যেতে পেরে আমরা সত্যিই গর্বিত। যদিও এর আগে আমরা ভারতে খেলিনি ঠিকই কিন্তু আমরা কোনও চাপই নিচ্ছি না। দলের অধিনায়ক হিসাবে যাচ্ছি তা সত্যিই গর্বের। আশা করছি ট্রফি নিয়ে ফিরব এবছর।’’
ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কম বাবরদের। তা যেমন তাঁরা মিস করবেন তেমনই পাক ভক্তদেরও মিস করবেন। বাবর বলেন, ‘‘আমরা আমাদের ভক্তদের মিস করব। টিকিট সব বিক্রি হয়ে গেছে আমরা ভরা মাঠে খেলব। যদিও আমাদের ভক্তরা মাঠে থাকবে না। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালবাসা দেখে আনন্দ পাব। আমি শুনেছি ভারতীয় ভক্তরাও তাঁদের ভালবাসা দেখায়। যদিও এখনও পর্যন্ত আমার এই অভিজ্ঞতা হয়নি তবে ভারতে খেলতে আমি খুবই আগ্রহী।’’
বিশ্বকাপের আগে, ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে পাকিস্তান তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ৬ অক্টোবর রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
