অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই জাতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে। ইএসপিএনক্রিকইনফো-এর একটি প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে। গম্ভীর, যিনি বর্তমানে আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন, বিসিসিআই এই পদের জন্য যাঁদের নাম বিবেচনা করছে এমন প্রার্থীদের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নতুন এই ভূমিকার প্রতি তাঁর আগ্রহ বোঝার জন্য ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এবং আইপিএল ২০২৪-এ কেকেআর-এর যাত্রা শেষ হওয়ার পরে আলোচনা আরও এগোবে বলে আশা করা হচ্ছে। যদিও আবেদনের সময়সীমা ২৭ মে পর্যন্ত। ২৬ মে আইপিএল ফাইনাল।
গম্ভীর কখনও ঘরোয়া স্তরে কোনও দলের কোচ হননি তবে ২০২৪ মরসুমের আগে কেকেআর-এ যোগ দেওয়ার আগে তিনি ২০২২ এবং ২০২৩ সালে আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা ছিলেন। এলএসজির সঙ্গে তাঁর সময়কালে দলটি দু’বার প্লে অফে পৌঁছেছিল এবং এই মরসুমে কেকেআরের সঙ্গে আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করে ফেলেছেন।
একজন খেলোয়াড় হিসেবে, গম্ভীর ভারতের সেই ক্রিকেট দলের অংশ ছিলেন ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপের। উভয় টুর্নামেন্টের ফাইনালে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
আইপিএলে এসে গম্ভীর ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত তাঁর অধিনায়কত্বের সময় কেকেআরকে দু’টি শিরোপা জিতিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফাইনালেও খেলেছিল দল।
বিসিসিআই কর্তৃক প্রকাশিত চাকরির বিজ্ঞাপন অনুসারে, মেয়াদ ২০২৪ সালের জুলাই থেকে শুরু হবে এবং ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। নতুন প্রধান কোচ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই তাঁর দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে কারণ এটিই হবে কোচ রাহুল দ্রাবিড়ের বর্তমানের শেষ টুর্নামেন্ট।
জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং এবং ভিভিএস লক্ষ্মণের নামও শোনা যাচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
