অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যাবেন বিসিসিআই -এর সভাপতি রজার বিনি এবং সহ সভাপতি রাজীব শুক্লা। ৩০ অগস্ট শুরু হবে এশিয়া কাপ ২০২৩। বিসিসিআই-এর আপত্তির কারণে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় হবে। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানেই। সেই অনুষ্ঠানে বিসিসিআই কর্তারা যোগ দেবেন কিনা সে নিয়েও ছিল সংশয়। পিসিবি প্রধান জাকা আশরাফ নিশ্চিত করলেন বিসিসিআই কর্তাদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের বিষয়টি।
এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তার কারণে বিসিসিআই নিজেদের দলকে পাকিস্তান যেতে দিতে অস্বীকার করে। তাই আয়োজক হওয়া সত্ত্বেও কিছু ম্যাচ ছাড়া এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তবে দলকে না পাঠালেও বিসিসিআই-এর সভাপতি এবং সহসভাপতি যাবেন পাকিস্তানের মুলতানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে।
‘‘বিসিসিআই-এর সভাপতি এবং সহসভাপতি পাকিস্তান আসছেন এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। আমরা সবাইকে স্বাগত জানাই পাকিস্তানে,“ বলেন পিসিবি প্রধান জাকা আশরাফ।
পাকিস্তানের ওডিআই জাতীয় দলের জার্সি লঞ্চ অনুষ্ঠানে এসে জাকা জানান তিনি আশাবাদী এশিয়া কাপ এবং বিশ্বকাপে দলের সাফল্যের ব্যাপারে। ‘‘আমাদের দল এখন একত্রিত এবং ভাল পারফর্ম করছে। এই মুহূর্তে আমরা ওডিআই রাঙ্কিং-এর শীর্ষে রয়েছি। দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে আশা করা যায় আমাদের দল আসন্ন বিশ্বকাপে সফল হবে। তবে সামনে এশিয়া কাপ, আমাদের এখন সেদিকে মনোযোগ দিতে হবে,“ বলেন আশরাফ।
জাতীয় দলের নতুন জার্সি নিয়ে পিসিবি প্রধান বলেন, ‘‘স্টার নেশনের জার্সি আমাদের প্লেয়ার এবং ভক্ত, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন তাঁদের মধ্যে মেলবন্ধনের সাক্ষী। এই জার্সি আমাদের ক্রিকেট ঐতিহ্য এবং উজ্জ্বল ভবিষ্যতকে ধারন করে।“
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
