অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সিনিয়র জাতীয় নির্বাচক কমিটি শনিবার গভীর রাতে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫-সদস্যের দল বেছে নিল। যে দলে কেএল রাহুল থাকলেও জায়গা হল না সঞ্জু স্যামসনের।
নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন যেখানে তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন এবং দল নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেন। ক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের খেলার পরে এই বৈঠকটি হয়। যদিও ক্যান্ডি ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারমে বাতিল হয়ে যায়।
স্যামসন, তিলক ভার্মা এবং প্রসিধ কৃষ্ণের সঙ্গে, যারা এশিয়া কাপের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন, তারাও বিশ্বকাপ দলে জায়গা পাননি। দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা এবং মিডল অর্ডারে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনের পরে, ইশান কিশানও দলে জায়গা পেয়েছেন। অধিনায়ক শর্মা ছাড়াও শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং সূর্যকুমার যাদবকে দেখা যাবে ভারতের ব্যাটিং লাইন আপে নেতৃত্ব দিতে।
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুরও দলে জায়গা করে নিয়েছেন কারণ নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট ব্যাটিং গভীরতার উপর জোর দিতে চাইছে। বোলিং বিভাগে, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন এবং স্পিনার কুলদীপ যাদবও দলে জায়গা পেয়েছেন।
নির্বাচক কমিটি রাহুলের ফিটনেস নিয়েও আলোচনা করেছে এবং মেডিকেল টিম সবুজ সংকেত দেওয়ার পরে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাহুল নেটে নিয়মিত অনুশীলন করছেন এবং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কয়েক ঘন্টা ব্যাট করেছেন। এশিয়া কাপে ভারতীয় দলে যোগ দিতে তাঁকে লঙ্কায় নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।
৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দলের তালিকা আইসিসি-তে জমা দিতেই হত। ইতিমধ্যেই অনেক দেশই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে। ভারত সেদিক থেকে দেখতে গেলে শেষ মুহূর্তেই দল ঘোষণা করল। তবে এটা স্পষ্ট নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলের ফিটনেস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই অপেক্ষা করছিল। সেটা পেয়ে যাওয়ায় সিদ্ধান্ত একদিন আগেই নিয়ে নিতে পেরেছে বোর্ড।
২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
