অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান আধিকারিক, প্রেসিডেন্ট রজার বিনি এবং সভাপতি জয় শাহ বৃহস্পতিবার নয়াদিল্লিতে মিটিং ডাকেন। আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নতুন কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক বলে জানা গিয়েছে। তার মধ্যে অন্যতম ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন সমস্যা। ভারতে ওডিআই বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে শুরু। তাঁর আগে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় বদল। মনে করা হচ্ছে, ১৫ অক্টোবর আহমেদাবাদে যে ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, তা ১৪ অক্টোবরে স্থানান্তরিত হতে পারে।
সূত্র মারফত জানা যাচ্ছে, ১০টি আয়োজক ভেন্যু থেকেও সদস্যদের বৈঠকে ডাকা হয়েছে। খবর অনুযায়ী, ১৫ অক্টোবর ‘নবরাত্রির’ প্রথম দিন হওয়ায় ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বিসিসিআইকে ম্যাচটি ১৪ অক্টোবরে করার পরামর্শ দিয়েছে। জয় শাহ এদিন মিটিং শেষে জানান, বেশ কয়েকটি দেশের তরফে দাবি করা হয়েছে ম্যাচের দিন-ক্ষণ বদলানোর কারণ দুটো ম্যাচের মধ্যে সময় কম হয়ে যাচ্ছে। আবার কোনও কোনও ম্যাচের মধ্যে সময় থাকছে ৬ দিনের। তিনি জানান, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। ভেন্যু না বদলে ম্যাচের দিন বদল করা হবে।
ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে এবং পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ ৬ অক্টোবর এবং ১২ অক্টোবর হায়দরাবাদেই। ভারত-পাকিস্তান খেলাকে একদিনে এগিয়ে নেওয়া বাবর আজমের নেতৃত্বাধীন দলকেও প্রভাবিত করতে পারে, যার ফলে হাই-প্রোফাইল সংঘর্ষের জন্য প্রস্তুতির জন্য একটি দিন কম পাবে সঙ্গে একদিন কম বিশ্রাম পাবে।
ইতিমধ্যেই বিশ্বকাপের এই ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের দিন বদল হলে টিকিটের পাশাপাশি হোটেল বুকিং, ফ্লাইট, ট্রেন বুকিং সব বাতিল করতে হবে ভক্তদের। ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ খেলা হবে। যার ফাইনাল ম্যাচ ১৯ নভেম্বর আবমেদাবাদে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
