Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানে মাঠের বাইরের অনেক আলোচনা, বিতর্ক, কথপোকথন তো থাকবেই। তবে ভারতীয় দলের ক্রিকেটাররা তা কীভাবে সামলান তা এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে নামার আগে স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বেশ মজা করেই তার জবাব দিয়েছে‌ন। এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। প্রথম ম্যাচে প্রচুর আলোচনার পর, বিশেষ করে খেলার পরে হ্যান্ডশেক বিতর্ক এখনও বিদ্যমান। কয়েকদিনের মধ্যেই আবারও মুখোমুখি দুই দেশ।

পাকিস্তান শিবির তার পর থেকে এই বিষয়টি নিয়ে কম জলঘোলা করছে না। কখনও এসিসি তো কখনও আইসিসি, কাঁদুনি গেয়েই চলেছে। কোনও অভিযোগই কোথাও ধোপে টেকেনি। এমনকি যে ম্যাচ রেফারির বিরুদ্ধে তাদের সব অভিযোগ সেই পাইক্রফটই আবারও ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন রবিবার। এদিন মাথা ঠান্ডা রাখতে সাংবাদিক সম্মেলনও বাতিল করে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারত অধিনায়ক ছিলেন ফুরফুরে মেজাজে। ভারত যখন আবার পাকিস্তানের মুখোমুখি হতে প্রস্তুত, তখন খেলা ঘিরে হৈচৈ চলতেই থাকবে এবং সূর্যকুমারের কাছে এই সব না পৌঁছনোর একটা সহজ উপায় রয়েছে।

প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন যে খেলার আগে ঘর বন্ধ করে, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়াই ভালো। তবে তিনি এও মেনে নেন যে মাঠের বাইরে থাকাকালীন সবসময় সব বিতর্ক বা আলোচনা থেকে দূরে থাকা সম্ভব নয়।

“আপনার ঘর বন্ধ করুন, ফোন বন্ধ করুন এবং ঘুমিয়ে পরুন। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো। এটা বলা সহজ, কিন্তু মাঝে মাঝে এটা কঠিন কারণ আপনি অনেক বন্ধুদের সঙ্গে দেখা করেন, বাইরে ডিনার করতে যান, আর আপনাদের চারদিকে অনেক খেলোয়াড় আছে যারা এই সব দেখতে পছন্দ করে, তাই এটা খুবই কঠিন,” সূর্যকুমার বললেন।

সূর্যকুমার বলেন যে খেলার আগে তারা কী শুনতে চান এবং মনে কী রাখতে চান তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব খেলোয়াড়দের নিজেদের। ভারতীয় অধিনায়ক দাবি করেছেন যে তিনি তাঁর খেলোয়াড়দের খেলার আগে বিভিন্ন আলোচনা থেকে ভালো জিনিসটুকুই নিতে বলেছেন, বিশেষ করে যখন পরামর্শের কথা আসে।

তবে তিনি এও জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর দলের খেলোয়াড়রা মানসিকভাবে ভালো জায়গায় রয়েছে।

“কিন্তু তারপর এটা আপনার ব্যাপার যে আপনি কী শুনতে চান, মনে কী রাখতে চান, এবং অনুশীলন চালিয়ে যান, কারণ খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু আমি সব ছেলেদের উদ্দেশে খুব স্পষ্টভাবে বলেছি, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই টুর্নামেন্টে ভালো করতে চান এবং সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে বাইরের অনেক শব্দকে কাছে আসা বন্ধ করে দিতে হবে এবং যা আপনার জন্য ভালো তা গ্রহণ করতে হবে।”

“আমি বলছি না যে সব কিছু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়, বরং যা আপনার জন্য ভালো তা গ্রহণ করুন। আমি বলতে চাইছি যে কেউ আপনাকে ভালো পরামর্শও দিতে পারে, যা আপনাকে খেলায় সাহায্য করতে পারে, যা আপনাকে মাঠে সাহায্য করতে পারে। তাই আমি মনে করি এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাকিটা আমার মনে হয় সবাই ভালো জায়গায় রয়েছে,” সূর্যকুমার বলেন।

রবিবার, ২১ সেপ্টেম্বর সুপার ৪ পর্বে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *