Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ শেষবার রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা ক্রিকেট দল ১৯৯০ সালে। তারপর কেটে গেছে ৩৫ বছর। তৃতীয়বারের জন্য রনজি ট্রফি জিততে পারেনি বাংলা। সেই অধরা স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করতে চলেছেন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। সঙ্গে থাকছেন সহকারী হিসেবে বোলিং কোচ শিবশঙ্কর পাল ও স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ অরূপ ভট্টাচার্য।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বাংলার দলের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতনের হাতেই ছিল গত তিনবছরের কোচিংয়ের দায়িত্ব। তাঁর কোচিংয়ের প্রথম বছরেই রনজি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। অবশ্য শেষ দু’‌বছরে নকআউটে যেতে পারেনি, মূলত প্রতিকূল আবহাওয়ার শিকার হয়ে। সেই আপসোস লক্ষ্মীর রয়েছে। ইতিমধ্যেই বাংলা দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে সিএবি শিবিরের জন্য। তাঁদের নিয়ে দ্রুত প্রস্তুতিতে নেমে পড়তে তৈরি লক্ষ্মীরতন।

বললেন, ‘‌ এইমুহূর্তে বাংলা জুড়ে যে প্রবল বর্ষণ চলছে, তাতে আউটডোরে অনুশীলনের কোনও সুযোগ নেই। তাই মঙ্গলবার থেকে ইডেন গার্ডনসের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন শুরু করব। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আগস্টের মাঝামাঝি রনজি ট্রফির প্রস্তুতি হিসেবে চেন্নাই ও পুদুচেরিতে দুটো ক্রিকেট টুর্নামেন্ট খেলব। এটা নেট প্র‌্যাকটিসের থেকে অনেক বেশি কার্যকরী হবে। ক্রিকেটারদের ম্যাচ টেমপারেমেন্ট তৈরি হয়ে যাবে ১৫ অক্টোবর রনজি ট্রফির প্রথম ম্যাচের আগে।’‌ মহম্মদ শামির নাম বাংলা সম্ভাব্য দলে থাকলেও, ভারতীয় দলের এই পেসার শিবিরের শুরু থেকে অনুশীলনে থাকবেন না। লক্ষ্মীরতন জানালেন, শামি যোগ দেবে একটু পরে।

২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ডট্রাফোর্ডে ১-‌২ ফলে পিছিয়ে থেকে সিরিজে হার বাঁচাতে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের কী করণীয় জয়ের সরণীতে ফিরতে, এই প্রশ্নে লক্ষ্মীরতনের সাফ বক্তব্য, ‘‌ ভারত তিনটে টেস্টই জিততে পারত। যে দুটো হেরেছে, সেটা নিজেদের দোষে, ইংল্যান্ডের কোনও কৃতিত্ব নেই। প্রথমটা অসংখ্য ক্যাচ ফেলে। আর শেষেরটা চতুর্থ ইনিংসে অল্প রান তাড়া করতে নেমে উইকেট ছুঁড়ে দিয়ে। ভারতীয় দল নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী যদি চতুর্থ টেস্ট খেলে, তাহলে সিরিজে সমতা ফেরানো সম্ভব। আমি এখনও মনে করি, বাকি দুটো টেস্ট ও সিরিজ জিতবে শুভমান গিলরা। তার জন্য আরও বেশি ফোকাসড থাকতে হবে ম্যাচে।’‌ লক্ষ্মীরতন মানছেন না শেষ টেস্টের চতুর্থ ইনিংসে কম রান তাড়া করতে নেমে নিশ্চিত জয় হাতছাড়া করার কারণ ভারতীয় ক্রিকেটারদের মানসিক চাপ নেওয়া ক্ষমতার অভাব। তাঁর ঝাঁঝালো মন্তব্য, ‘‌ এই পর্যায়ে পেশাদার ক্রিকেটারদের কাছে এমন ব্যাটিং প্রত্যাশিত নয়। আরও দায়িত্বশীল হওয়ার জরুরি শট সিলকশনের ক্ষেত্রে।’‌

আরশদীপের চোট। আকাশদীপের কুঁচকির সমস্যা রয়েছে। এটা বুঝেই পেসার আনসুল কম্বোজকে তৈরি রাখছে ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে বাকি ২টো টেস্টেই কি যশপ্রীত বুমরাকে ব্যবহার করা উচিত নয়?‌ যদিও টেস্ট শুরুর আগেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে, টিম ম্যানেজমেন্ট ও চিফ কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, বুমরাকে ৫ টেস্টের মধ্যে ৩টের বেশি ম্যাচে খেলানো হবে না। এনিয়ে লক্ষ্মীরতনের প্রতিক্রিয়া, ‘‌ বুমরাকে তো খেলানো উচিত। তবে বুমরা খেলেও তো ভারত হেরেছে। বরং চাইব, ফিট থাকলে আকাশদীপকে দলে রাখুক টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, ওকে দিয়ে বেশি করে বল করানো হোক। ও নিজের ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণ করেছে।’‌ এখন দেখার ভারতীয় ক্রিকেট দলের থিংক ট্যাংকরা ভারতকে জয়ের রাস্তায় ফেরাতে কী সিদ্ধান্ত নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *