অলস্পোর্ট ডেস্ক: বয়স ভাঁড়ানোর রোগ এবার ভারতীয় ক্রিকেটেও। ভাবা যায় সেই দোষে অভিযুক্ত ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবি কুমার। সিএবির রেকর্ড অনুযায়ী তিনি ৪৫ মাস বয়সের গরমিল করেছেন। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল অনূর্ধ্ব ১৯ পেসার রবি কুমারের। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন রবি। এরপর ২০২৩য়ে বাংলা দলের হয়ে অভিষেক ঘটে তাঁর। পাঁচটি টি২০ ম্যাচে ৫ উইকেটও নিয়েছিলেন তিনি। সেই রবি কুমার সহ ৬২ জন ক্রিকেটারের ওপর বয়স ভাঁড়ানোর কারণে দু’মরশুমের (২০২৬-২৭ ও ২০২৭-২৮) জন্য রেজিস্ট্রেশন ও ট্রান্সফারের নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট অ্যাসেসিয়েশন অফ বেঙ্গল(সিএবি)।
এই বয়স ভাঁড়ানোর কারণে শাস্তিপ্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার লেগস্পিনার রোহিত যাদব। এই ক্রিকেটার কয়েকসপ্তাহ আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ সিরিজে ভারতীয় দলে নির্বাচন পেয়েছিলেন। রোহিত আদতে উত্তরপ্রদেশের ছেলে। তিনি এর আগে জুলাইয়ে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছিলেন। ওই সফরে শেষ টেস্টে ভারতের জয়ে তাঁর হাত ছিল। বেসরকারি ওই টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। চলতি মাসের শেষে অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে রাজকোট ও আমেদাবাদে অনুষ্ঠেয় একদিনের ও অন্যান্য ম্যাচের জন্য অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে রাখা হয়েছিল।
বিবিসিআই সূত্রে জানানো হয়েছে, তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছে বয়স ভাঁড়ানোর কারণে। বিসিসিআই রিপোর্ট অনুযায়ী রোহিতের বয়সের গরমিল ধরা পড়ে শ্রীলঙ্কা সফরে তথ্য যাচাইয়ের সময়। অবাক করা ব্যাপার, রোহিতের তিনটি জম্ম শংসাপত্র রয়েছে। যাতে জন্ম বছর রয়েছে তিনরকম, ২০০৭, ২০০৯, ২০১০। এই গরমিলের কারণে তাঁর বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার বৈধতা নেই।
সিএবি আরও একঝাঁক ক্রিকেটারের বয়স ভাঁড়ানো ধরে ফেলে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের ও ভারতীয় ক্রিকেটের উন্নতি ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
