অলস্পোর্ট ডেস্ক: কলকাতায় ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত খেলবে একটিই ম্যাচ. আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ খেলতে নামবে ভারত। স্বাভাবিকভাবেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে সেই টিকিটের চাহিদা তুঙ্গে। কিন্তু মিলছে না কোনও টিকিট। না কাউন্টারে না অনলাইনে। টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে দর্শকদের। এক কথায় টিকিটের হাহাকার। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ হয়েছে ইডেনে। তার মধ্যে অন্যতম পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। সেই সব ম্যাচেও টিকিটেু কালোবাজারি করার অপরাধে কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে বেশ কিছু মানুষ। কিন্তু অভিযোগ যখন খোদ বিশ্বকাাপ আয়োজক, ম্যাচ আয়োজক এবং অনলাইন টিকিট বিক্রেতার বিরুদ্ধে তখন বেশ অসহায় অবস্থাই হওয়ার কথা।
এদিন এক ব্যক্তি টিকিট না পেয়ে ময়দান থানায় এমনটাই অভিযোগ জানিয়েছেন। এই ম্যাচ রবিবার হওয়ায় গ্যালারি যে ভরে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অনেকেই সেই ম্যাচ দেখার সুযোগ না পেয়ে হতাশ। সেই অবস্থায় এই ব্যক্তির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ময়দান থানা। তাঁর অভিযোগ টিকিট নিয়ে দুর্নীতি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সিএবি ও বুকমাইশো (যাদের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে)।
ময়দানের বিভিন্ন জায়গা থেকেও টিকিট বিক্রি চলছে। কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই। সেই লাইন যে ভারতের ম্যাচের টিকিটের জন্য তা নিয়ে কোনও সন্দেহ নেই। অভিযোগকারী ব্যক্তির অভিযোগ, কর্তারা টিকিট সরিয়েছেন। এবং তা নিয়ে কালোবাজারি হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ময়দান থানা। বৃহস্পতিবার ময়দান থানায় হাজিরা দিতে বলা হয়েছে সিএবি কর্তাদের। ডাকা হয়েছে অনলাইন সংস্থার লোকজনকেও। হাজিরার চিঠি দেওয়া হয়েছে দুই পক্ষকেই। বৃহস্পতিবার তারা হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।
তবে টিকিট যে কালোবাজারে পৌঁছে গিয়েছে তার প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ। চারগুণ দামে বিক্রি হচ্ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট। এমন একজনকে আটক করেছে পুলিশ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
