যজুবেন্দ্র চাহাল
অলস্পোর্ট ডেস্ক: শেষ কিছু বছর ধরেই যজুবেন্দ্র চাহাল সাদা বলে ভাল বল করে এসেছেন। ভারতীয় দলের নিয়মিত সদস্য থাকা সত্ত্বেও তিনি ২০২২ টি২০ বিশ্বকাপ দলে জায়গা পাননি। মাত্র দু’মাস পরেই একদিনের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে থাকলেও চাহালকে দেখা গেল না ৫০ ওভারের একটি ম্যাচেও খেলতে। প্লেয়িং ১১-এ না থাকলেও তিনি তা নিয়ে বেশি ভাবতে রাজি নন।
ম্যাচে না থাকায় তাঁকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কুলদীপকে ম্যাচে ফিরিয়ে আনা হলেও এখনই ফিরছেন না চাহাল। যদিও এই বিষয়ে তাঁর কোনও অভিযোগ নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্রিকেট একটা দলীয় খেলা। দাবার মতো একার ওপরে ক্রিকেট নির্ভর করে না।
২০১৬-তে এমএস ধোনির অধিনায়কত্বে তাঁর অভিষেক হওয়ার পর তিনি অনেকের নেতৃত্বেই বল করেছেন। তিনি বলেন, ‘‘এটা একটা পরিবারের মত। যেখানে তোমার চারজন ভাই আছে। সবার বড় ধোনি ভাই তারপরে রয়েছে বিরাট, রোহিত এবং হার্দিক ভাই। সবার নেতৃত্বই একইরকম। আমরা সবাই জিততে চাই। ওরা আমাদের স্বাধীনতা দেয় নিজের মত বল করার। হার্দিকও সেই একই স্বাধীনতা দেয় বোলারদের। আমি এখন দলে রয়েছি। আমি শুধু চাই ভাল পারফর্ম করতে। ভবিষ্যৎ-এ কী হবে তা আমার হাতে নেই।’’
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষত স্পিনারদেরকে তিনি তাঁর সামনে টিকতে দেন না। এইরকম বিধ্বংসী ব্যাটারকে বল করটা উপভোগই করেন চাহাল। নিকোলাস সম্পর্কে তিনি বলেছেন, ‘‘লিকোলাস পুরানকে বল করতে আমি পছন্দ করি। আমি ওকে কয়েকবার আউট করেছি। নিকোলাসও আমার বলে বেশ কয়েকবার ছক্কা মেরেছে। ওকে কোনও বলই হালকা দিই না। আমি জানি ও সুযোগ পেলেই বল মাঠের বাইরে পাঠিয়ে দেবে।’’
টি-২০-এর দ্বিতীয় ম্যাচের আগে চাহাল বলেন, ‘‘আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল দলের বোঝাপড়া। সাত নম্বরে সাধারণত রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল খেলে। উইকেট যদি ভাল স্পিন করে তবেই তিনজন স্পিনার বল করে। কুলদীপও ভাল বল করছে তাই দল ওকে আবার ফিরিয়ে এনেছে। আমি নেটে অনুশীলন করছি। যখনই সুযোগ পাব আমি তা কাজে লাগাব।’’
কুলদীপ দলে সুযোগ পেলেও তাঁকে দলে না রাখার প্রশ্নে তিনি বলেন, ‘‘আমি শেষ দুই থেকে তিনটে সিরিজ খেলিনি। এর আগে আমি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছি। তখন কুলদীপ খেলেনি।’’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ইনিংসে চাহাল না খেললেও টি২০-এর প্রথম ম্যাচে তিনি দলে জায়গা করে নিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি খুব খুশি যে তিনি আবার ভারতের জার্সি পরতে পেরেছেন। সে তিনি প্লেয়িং ১১-এই থাকুক আর ১৫নম্বর সদস্য হয়ে মাঠের বাইরে থাকুক না কেন।
চাহাল বলেন, ‘‘আমরা সবাই পেশাদারী ক্রিকেটার। দু’মাস পরে আবার খেলছি। শেষ আইপিএলে খেলেছিলাম আমি। ক্রিকেট একার খেলা নয়। সবাইকে একসঙ্গেই খেলতে হয়। তাই কখনও মাঠের বাইরে বসে থাকা মানে এই নয় তাঁরা দলের কোনও অংশ নয়।’’
ভারতের হয়ে আবার খেলতে পেরে তিনি বলেন, ‘‘আমি অত্যন্ত খুশি যে আবার ভারতের নীল রঙের জার্সিটা পরতে পারব। দলের একটা অংশ আমি এখন। আমি এর আগে দাবা খেলেছি। এটা একক একটা খেলা। কিন্তু ক্রিকেট একটা দলীয় খেলা। দলের ১৫ জন সদস্যের মধ্যে মাত্র ১১জন খেলতে পারে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
