অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এও কোভিডের রক্তচক্ষু। গত তিন বছর এই কোভিড, বিশ্ব ক্রিকেট থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। বেশিদিন হয়নি বিশ্ব খেলা আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। তার মধ্যেই এশিয়া কাপের আসর বসার আগেই ক্রিকেটারদের কোভিড সংক্রমণ ভাবাচ্ছে আয়োজকদের। জানা গিয়েছে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কোভিডে আক্রান্ত। এছাড়া চোটের জন্য অনিশ্চিত দুষ্মন্থ চামেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পেসার দুষ্মন্থ চামেরা এবং লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা-সহ তাদের চার ক্রিকেটার চোট এবং কোভিড-১৯ এর কারণে আসন্ন এশিয়া কাপের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন। যা শ্রীলঙ্কা জন্য একটি বড় ধাক্কা। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় কাঁধের চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছিল চামেরাকে। দলের গুরুত্বপূর্ণ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি এলপিএল ফাইনালের আগে উরুর চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন। এশিয়া কাপে অন্তত দু’টি ম্যাচ মিস করতে পারেন তিনি।
আগামী ৩১ অগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। লঙ্কানদের চোট সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে কোভিড পজিটিভ। ব্যাটসম্যান কুশল পেরেরা এবং অভিষ্কা ফার্নান্দোর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
পেরেরা এবং ফার্নান্দো দু’জনেই বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন এবং লঙ্কান দলে তাদের অন্তর্ভুক্তি নির্ভর করবে তাঁরা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন তার উপর।
শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে এলপিএল ২০২৩-এর শেষ পর্যায়ে এই দু’জন কোভিড-১৯-এ আক্রান্ত হন। এশিয়া কাপের দলে যোগ দেওয়ার আগে তাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল অবশ্যই নেগেটিভ হতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
