অলস্পোর্ট ডেস্ক: আগেই কোমা থেকে বেরিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। গত বছরের শেষদিকে মেনেনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ২০০৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মার্টিন। জীবন-মৃত্যুর মাঝে লড়াই করছিলেন তিনি। তবে দু’দিন আগে কোমা থেকে বেরিয়ে আসার পর অস্ট্রেলিয়ার সতীর্থ ক্রিকেটার ও বিশ্বের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। এবার আরও বড় সুখবর, ড্যামিয়েন মার্টিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি গেছেন। এখবর দিয়েছেন মার্টিনের ঘণিষ্ঠ আর এক অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
বৃহস্পতিবার অ্যাসেজ কভারেজের সময় গিলক্রিস্ট জানান, ‘সকলে শুনলে খুশি হবেন ড্যামিয়েন মার্টিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অনেকটা সুস্থ হয়ে। তবে ওকে এখনও অনেক সাবধানে থাকতে হবে পুরোপুরি ঠিক হতে। বাড়িতেই এখন চিকিৎসা চলবে। কড়া পর্যবেক্ষণে থাকবে। মার্টিনের এই সুস্থ হয়ে ওঠার পেছনে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতেলের যেমন অবদান আছে, তেমন সারা বিশ্বের মানুষের প্রার্থনার জোর তকাজ করেছে।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া’র মতেও, এটা একটা মিরাকেল। মার্টিন যেভাবে কোমা থেকে বেরিয়ে এসে বাড়ি ফিরেছে, তা এককথায় চিকিৎসা বিজ্ঞানের এক বিরল সাফল্য বললেও ভুল হবে না। যখন প্রথম আইসিইউতে ওকে দেখেছিলাম, তখন সত্যি খুব খারাপ লেগেছিল। আশাহত হয়েছিলাম।
মার্টিনের স্ত্রী আমান্দা এর আগে হাসপাতালের চিকিৎসক, মেডিকেল স্টাফদের ভুমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। মার্টিনের চিকিৎসা চলাকালীন যেভাবে গোটা বিষয়টা অত্যন্ত সংবেদনশীল ভাবে সামলেছেন সকলে, তার প্রশংসা করেন। মার্টিনের সতীর্থ ও কোচ ড্যারেন লেম্যান সোসাল মিডিয়ায় লিখেছেন, ‘ অস্ট্রেলিয়া ও বিশ্বের মানুষের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা ড্যামিয়েনকে কঠিন পরিস্থিতি থেকে সুস্থ করে তুলে বাড়ি ফিরিয়ে এনেছে। ড্যামিয়েন এর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ভাঙা আঙুল নিয়ে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিল। এবার জীবন যুদ্ধেও জিতে গেল লড়ে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
